অর্থনৈতিক শৃঙ্খলা ও কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি সালাহউদ্দিন আহমেদের – DesheBideshe

অর্থনৈতিক শৃঙ্খলা ও কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি সালাহউদ্দিন আহমেদের – DesheBideshe

কক্সবাজার-১, ১ ফেব্রুয়ারি – বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিগত সময়ে দেশের অর্থনীতিতে যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল, সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনবে বিএনপি। রোববার দুপুরে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা মানিকপাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন

বিএনপি আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এই মন্তব্য করেন। ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা জনগণের সামনে কোনো অবাস্তব প্রতিশ্রুতি দিচ্ছি না। কেবল শিক্ষিত বেকার তৈরি না করে বরং কর্মক্ষম জনশক্তি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মশক্তিতে রূপান্তর করতে চাই।

দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যেকোনো মূল্যে সুরক্ষিত রাখতে হবে। অতীতে যখনই গণতন্ত্র বিলুপ্ত হওয়ার উপক্রম হয়েছে, তখনই বিএনপির নেতৃত্বে তা পুনরুদ্ধার করা হয়েছে। সালাহউদ্দিন আহমেদ সাম্প্রতিক গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, এই আন্দোলনে শত শত মানুষ রাজপথে রক্ত দিয়ে শহীদ হয়েছেন।

তাদের মূল আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নে তিনি ধানের শীষে ভোট প্রার্থনা করেন। পরিবেশ রক্ষা ও উন্নয়নে দলের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক হারে বৃক্ষরোপণ করা হবে। এছাড়া খাল খনন এবং প্লাস্টিকের দূষণ কমিয়ে আনার বিষয়ে দলের সুনির্দিষ্ট ও কার্যকরী পরিকল্পনা রয়েছে।

উক্ত পথসভায় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু মিয়া এবং সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ দলের স্থানীয় জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

এস এ এস / ১ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top