ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদেরও সামরিক পরিকল্পনা জানাবেন না ট্রাম্প – DesheBideshe

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদেরও সামরিক পরিকল্পনা জানাবেন না ট্রাম্প – DesheBideshe

যুক্তরাষ্ট্র, ১ ফেব্রুয়ারি – ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি উপসাগরীয় মিত্রদের সঙ্গে কোনো ধরনের সামরিক পরিকল্পনা বিনিময় করবেন না। তাঁর মতে এ ধরনের সংবেদনশীল তথ্য প্রকাশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। ফক্স নিউজ চ্যানেলের হোয়াইট হাউস প্রতিনিধি জ্যাকি হাইনরিখকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।

তিনি স্পষ্টভাবে বলেন যে মিত্রদের পরিকল্পনা জানানো আর সাংবাদিকদের বলা প্রায় একই রকম বা তার চেয়েও খারাপ হতে পারে তাই তিনি এমনটা করবেন না। এমন এক সময়ে ট্রাম্প এই বক্তব্য দিলেন যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর মোতায়েন করা হচ্ছে এবং ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী ইরানের দিকে অগ্রসর হচ্ছে।

একই সঙ্গে ইরানের ভেতরে সরকারবিরোধী বিক্ষোভ ও দমন পীড়নের ঘটনাও বাড়ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ট্রাম্প উল্লেখ করেন যে বর্তমানে ইরানের সঙ্গে আলোচনা চলছে তবে এর ফলাফল কী হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তিনি বলেন পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ উপসাগরীয় কর্মকর্তা জানিয়েছেন যে ইরানের ওপর সম্ভাব্য কোনো হামলার জন্য সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না। উপসাগরীয় সহযোগিতা পরিষদের বা জিসিসির এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনে সৌদি কর্মকর্তাদের উচ্চপর্যায়ের বৈঠক হলেও ইরান বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের উদ্দেশ্য বা পরিকল্পনা স্পষ্ট করেনি।

ইরান প্রসঙ্গ ছাড়াও সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় যেমন সরকারি অর্থায়ন ও সম্ভাব্য শাটডাউন নিয়ে কথা বলেন এবং অপরাধ দমনে তাঁর প্রশাসনের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি দাবি করেন যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ফলেই যুক্তরাষ্ট্রে অপরাধের হার ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

এস এ এস / ১ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top