বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এই প্রথম তার বাবা-দাদার ভিটা দিনাজপুর-৬ সংসদীয় আসনে ভোটযুদ্ধে নেমেছেন। ভোটযুদ্ধে জয়ী হতে প্রতিদিন গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে চলেছেন। সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন।
সহাস্যে মন ভরে সাধারণ মানুষের সমস্যা শুনছেন। বিশেষ করে উন্নয়নবঞ্চিত নারীদের বিভিন্ন দাবি-দাওয়ার কথা শুনছেন। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য বিষয়ে এলাকায় যে সব বড় বড় সমস্যা আছে সেগুলো তিনি শুনছেন, লিখে রাখছেন। সে সব বিষয়ে নিজের পরিকল্পনা ও চিন্তার কথা বলছেন।
প্রতিদিন পথসভা থেকে সাধারণ মানুষের বাড়ির উঠানে আয়োজিত সভায় তিনি যোগ দিচ্ছেন। ধুলো-ধূসরিত রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হাত উঁচিয়ে সবার শুভকামনা জানাচ্ছেন। প্রতিদিন তিনি যেখানে যাচ্ছেন সেখানেই সাধারণ মানুষের বিপুল উপস্থিতি উপচে পড়ছে।
দিনাজপুর-৬ আসনের ভোটাররা এতদিন ধরে এই এলাকায় গতানুগতিক রাজনীতিবিদদের দেখলেও এখন নিজেদের বাড়ির আঙিনায় দেখতে পাচ্ছেন একজন স্বনামধন্য মানবিক চিকিৎসক। যিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যে মেডিকেল বোর্ড গঠিত হয়, সেই বোর্ডের অন্যতম সদস্য ছিলেন।
দিনাজপুর-৬ আসনের সাধারণ মানুষ সত্যিই এমন একজনকে কাছে পেয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত। অনেকে তাই এই ব্যক্তিত্বকে কাছে পেয়ে আবেগাক্রান্ত হয়ে পড়েছেন। সংখ্যালঘু ও আদিবাসীরাও ডা. এ জেড এম জাহিদ হোসেনকে নিজের বাড়ির উঠানে পেয়ে আত্মহারা হয়ে উঠছেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন গণসংযোগে যেখানে যাচ্ছেন, সেখানেই দাঁড়িয়ে বলছেন, ‘দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলার জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় এই এলাকা উল্লেখযোগ্যভাবে পিছিয়ে রয়েছে।
নির্বাচিত হলে তিনি অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার দেবেন। তরুণ-তরুণী ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবেন। আদিবাসীদের উন্নয়নে বিশেষ নজর দেবেন।’
ইতিমধ্যেই ডা. এ জেড এম জাহিদ হোসেন ঘোড়াঘাট উপজেলার বুলাকি, পালসা, সিংড়া, ঘোড়াঘাট ইউনিয়ন, হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া, বোয়ালদাড়, আলীহাট, বিরামপুর উপজেলার মুকুন্দপুর, কাটলা, খানপুর, দিওড়, বিনাউল, জোতবাণী, পলিপ্রয়াগপুর, নবাবগঞ্জ উপজেলার জয়পুর, বিনোদনগর, গোলাপগঞ্জ, শালখুরিয়া, পুটিমারা, ভাদুরিয়া, দাউদপুর, মাহমুদপুর ও কুশদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করে চলেছেন।
দিনাজপুর-৬ আসন দিনাজপুর জেলার দক্ষিণের নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর এবং ঘোড়াঘাট এই চারটি উপজেলা নিয়ে গঠিত। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর-৬ আসনে মোট ভোটার পাঁচ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৭৮ হাজার ৫৩ জন, নারী ভোটার দুই লাখ ৭৯ হাজার ৬২৭ জন এবং ট্রান্সজেন্ডার ভোটার ১৩ জন। আসনে তিনটি পৌরসভা ও ২৩টি ইউনিয়নে মোট ১৯৯টি ভোটকেন্দ্র রয়েছে।
এই আসনে যারা ভোটযুদ্ধে নেমেছেন তারা হলেন, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, জামায়াতে ইসলামীর মো. আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির মো. রেজাউল হক, ইসলামী আন্দোলনের মো. নুর আলম সিদ্দিক এবং বাসদের মো. আব্দুল হাকিম। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
বিএনপি প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসনের ভোটারদের মাঝে সত্যিই এক নতুন প্রাণচাঞ্চল্য তৈরি করতে সক্ষম হয়েছেন।
স্থানীয়দের মতে, অনেক দিন পর হলেও স্থানীয় ভোটাররা একজন উচ্চশিক্ষিত, দেশের জন্য নিবেদিত বিশুদ্ধ মানুষকে কাছে পেয়েছেন। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ভোটাররা ইতিমধ্যেই জানতে পেরেছেন, এই চিকিৎসকের জীবনে আর চাওয়া-পাওয়ার কিছু নেই। কেবল সাধারণ জনগণের উন্নয়নের জন্যই তিনি এখন নিবেদিত।




