লোরা খান আরও বলেন, ‘কিন্তু বড় ব্যাপার হলো, একটা গ্লোবাল প্ল্যাটফর্মে জামদানি শাড়ির সঙ্গে আমার গয়না প্রতিনিধিত্ব করেছে। এটা আমাদের দেশের ব্র্যান্ডিংয়ের জন্য অনেক বড় একটা সুযোগ। আমি মনে করি, মিডিয়া বা সিনেমার মাধ্যমেও আমাদের কাজগুলো এভাবে বিশ্বদরবারে তুলে ধরা সম্ভব।’
সৃজনশীলতা আর ব্যবসা কি একসঙ্গে চলে? সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে লোরা খান বলেন, ‘আপনি যা-ই করুন না কেন, দিন শেষে সেটা একটা বিজনেস। যদি বলেন, আপনি শুধু সৃজনশীল কাজ করবেন কিন্তু সেটা কীভাবে কাস্টমারের কাছে যাবে বা বিক্রি হবে তা বুঝবেন না, তবে সেই সৃজনশীলতা একসময় হারিয়ে যাবে। কাজের কোনো ফল না এলে যে কেউ হতাশ হয়ে যায়। তাই নিজে না জানলে বিশষজ্ঞদের সাহায্য নিতে হবে, কিন্তু ব্যবসার প্রক্রিয়াটা বুঝতে হবে।’
আলোচনার শেষ পর্যায়ে লোরা খান বলেন, ‘এখনকার সময়টা অনেক বেশি প্রতিযোগিতামূলক। তাই কেউ যদি নতুন কিছু শুরু করতে চান, তবে তাঁকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে। ব্যবসায় লোকসান হবে, খারাপ সময় আসবে, হয়তো রাতে কাঁদবেনও, কিন্তু পরদিন সকালে সব ভুলে আবার নতুন করে কাজে নামার সাহস থাকতে হবে। কাজ চালিয়ে গেলে সফলতা আসবেই।’


