এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শুরুটা ম্যাড়মেড়ে হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জমে উঠে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই। প্রথমার্ধের যোগ করা সময় দুই দলের জালে বল যায় তিনবার। দুইবার পিছিয়ে পড়ে প্রতিবার সমতা ফিরলেও তৃতীয়বার আর ম্যাচে ফিরতে পারেনি লস ব্ল্যাঙ্কোসরা। দারুণ জয়ে রেকর্ড শিরোপা জয়ের আনন্দে মাতে বার্সেলোনা।
সৌদি আরবের জেদ্দায় রোববার রাতের স্প্যানিশ সুপার কাপের রোমাঞ্চকর ফাইনালে জাবি আলোনসোর রিয়ালকে ৩-২ ব্যবধানে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সা। সেমিফাইনালের মতো ফাইনালেও জোড়া গোল করেছেন রাফিনহা। তার গোলেই এগিয়ে যায় দল। ১৬ ম্যাচের গোল-খরা কাটিয়ে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র। পরক্ষণেই বার্সেলোনার দ্বিতীয় গোল করেন রবার্ট লেভানডোভস্কি। সেই গোল শোধ করে দেন গঞ্জালো গার্সিয়া।
টানা দ্বিতীয়বার ফাইনালে রিয়ালকে হারিয়ে সুপার কাপে রেকর্ড ১৬তম শিরোপা জিতল বার্সা।
ম্যাচের বেশির ভাগ সময় অবশ্য বার্সেলোনার দখলেই ছিল বল। ৬৮ শতাংশ সময় নিজেদের দখলে রেখে গোলের জন্য ১৬টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে কাতালুনিয়ার ক্লাবটি। বিপরীতে ১২ শটের মধ্যে ১০টি লক্ষ্যে রাখতে পারে রিয়াল।
৩৬ মিনিটের লিড নেয় বার্সা। ফিরমিন লোপেজের অ্যাসিস্টে গোল করে বার্সাকে এগিয়ে দেন রাফিনহা। সেই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। হাফ টাইমের ঠিক আগে গার্সিয়ার অ্যাসিস্টে দারুণ এক গোলে রিয়ালকে ম্যাচে ফেরান ভিনিসিয়াস।
বিরতির আগে আবার লিড নেয় বার্সা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দলকে এগিয়ে দেন লেভানডোভস্কি। এই গোলে অ্যাসিস্ট ছিল পেদ্রির। হাফ টাইমের বাঁশি বাজার আগে আবার সমতার ফেরে রিয়াল। গার্সিয়ার গোলে উল্লাসে মাতে রিয়াল ডাগআউট। রোমাঞ্চকর এক লড়াই শেষে ২-২ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে বার্সার লিড ফিরে আসে রাফিনহার কল্যাণে। দানি অলমোর পাসে গোল করে বার্সাকে আবার এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান। এই গোলই শেষপর্যন্ত বার্সাকে শিরোপা জিতিয়েছে।
ফ্লিকের কোচিংয়ে বার্সেলোনার চতুর্থ ট্রফি এটি। কোচিং ক্যারিয়ারে আট ফাইনালের সবকটিতে জিতলেন এই জার্মান কোচ।

