আমিনবাজারে ট্রলারের ধাক্কায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকাজুড়ে তীব্র গ্যাস সংকট – DesheBideshe

আমিনবাজারে ট্রলারের ধাক্কায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকাজুড়ে তীব্র গ্যাস সংকট – DesheBideshe

আমিনবাজারে ট্রলারের ধাক্কায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকাজুড়ে তীব্র গ্যাস সংকট – DesheBideshe

ঢাকা, ০৯ জানুয়ারি – ঢাকার আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে একটি মালবাহী ট্রলারের আঘাতে গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। শীতকালীন সংকটের মধ্যেই নতুন এই সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা মহানগরীর গ্রাহকরা।

শুক্রবার (৯ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানায়, ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত করা হয়েছে। তবে মেরামতকালে পাইপলাইনে পানি প্রবেশ করায় এবং একই সময়ে সার্বিক গ্যাস সরবরাহ কম থাকায় ঢাকা মহানগরীতে মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, স্বল্পচাপ সমস্যা সমাধানে কাজ চলছে এবং সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে গাবতলী থেকে আসাদগেট, মোহাম্মদপুর, বসিলা, লালমাটিয়া, ধানমন্ডি ও আশপাশের এলাকাগুলোতে। বুধবার থেকেই এসব এলাকায় গ্যাসের চাপ কমে যেতে শুরু করে। ছুটির দিনে পরিস্থিতি আরও অবনতি হওয়ায় দুর্ভোগ বেড়েছে।

মোহাম্মদপুরের এক বাসিন্দা জানান, রাতে সামান্য গ্যাস থাকলেও দিনভর চুলায় গ্যাস পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনতে হয়েছে।

ধানমন্ডির এক বাসিন্দা বলেন, চুলায় গ্যাস প্রায় নেই বললেই চলে। উপায় না পেয়ে ইলেকট্রিক চুলায় রান্না করতে হয়েছে।

এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬



Scroll to Top