
ঢাকা, ০৯ জানুয়ারি – দীর্ঘ ২০ বছর ৭ মাস পর আগামী ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন সন্ধ্যায় তিনি নগরের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন।
বিএনপির নেতারা জানিয়েছেন, তারেক রহমানের এই সফর সম্পূর্ণ অরাজনৈতিক। সফরকালে তিনি কোনো নির্বাচনী প্রচারণা, জনসভা কিংবা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না।
দলীয় সূত্রে জানা গেছে, ১৮ জানুয়ারি সকালে তারেক রহমান বিমানে ঢাকা থেকে কক্সবাজার যাবেন। সেখানে তিনি শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর সড়কপথে চট্টগ্রামে পৌঁছাবেন। সফরের পুরো সময়ে কোথাও পথসভা, জনসমাবেশ বা বক্তব্যের কোনো কর্মসূচি নেই।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের চট্টগ্রাম আগমনের খবরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। তিনি জানান, ১৮ জানুয়ারি সন্ধ্যার দোয়া মাহফিলে অংশ নেওয়ার পর তারেক রহমান চট্টগ্রামেই রাত্রিযাপন করবেন। তবে ১৯ জানুয়ারির কর্মসূচি সম্পর্কে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
নগর বিএনপির একাধিক নেতা মনে করছেন, তারেক রহমানের এই সফর সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হবে, যা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রাম সফর করেছিলেন তারেক রহমান। প্রায় দুই দশক পর তার এই আগমনকে ঘিরে চট্টগ্রাম নগর বিএনপির বিভিন্ন স্তরে প্রস্তুতি ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬





