যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে মাদক বহনের অভিযোগে দুজন ভারতীয় ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৩০৯ পাউন্ড (প্রায় ১৪০ কেজি) কোকেন উদ্ধার করা হয়েছে। এর বাজারমূল্য প্রায় ৭০ লাখ ডলার।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গুরুপ্রীত সিং (২৫) ও জসবীর সিং (৩০)। তাঁরা যথাক্রমে ২০২৩ এবং ২০১৭ সালে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।
গত শনিবার পুটনাম কাউন্টির হাইওয়েতে তল্লাশির সময় ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ট্রাকচালকের আসনের পেছনে থাকা ঘুমানোর জায়গায় বিপুল পরিমাণ কোকেন পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির তথ্য অনুযায়ী, এই মাদক সেবন করে অন্তত ১ লাখ ১৩ হাজারের বেশি আমেরিকানের মৃত্যু হতে পারত।


