দর্শকদের ভাবনার চেয়ে বাস্তববাদী হওয়ার গুরুত্ব তুলে ধরে তামিম বলেন, ‘দর্শক আবেগে অনেক কিছু বলেন। কিন্তু সবকিছু যদি আমরা ওইভাবে চিন্তা করি, তাহলে আপনি এত বড় সংস্থা চালাতে পারবেন না। কারণ, আপনার আজকের সিদ্ধান্ত আগামী ১০ বছর পর কী প্রভাব ফেলবে বাংলাদেশের ক্রিকেটের জন্য এবং খেলোয়াড়দের জন্য কোনটা ভালো হবে, সব চিন্তা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।’
বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তের সূত্রপাত মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায়। ভারতের উগ্রপন্থী গোষ্ঠীগুলোর হুমকির মুখে তাঁকে দল থেকে অব্যাহতি দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এরপরই একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বিশ্বকাপে বাংলাদেশ দল ও সংশ্লিষ্টদের কীভাবে নিরাপত্তা দেবে ভারত, এমন প্রশ্ন তুলে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ারও দাবি জানিয়েছে বিসিবি। মোস্তাফিজের বিষয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে অবশ্য তামিম বলেছেন, ‘মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া অবশ্যই দুঃখজনক, এতে কোনো সন্দেহ নেই।’



