আপিলের পর মনোনয়ন ফেরত হলে চ্যালেঞ্জে পড়বে পোস্টাল ভোট: ইসি সানাউল্লাহ

আপিলের পর মনোনয়ন ফেরত হলে চ্যালেঞ্জে পড়বে পোস্টাল ভোট: ইসি সানাউল্লাহ

নির্বাচনের আপিল কার্যক্রম শেষ হওয়ার পর যদি কোনো প্রার্থী মনোনয়ন ফিরে পান, তাহলে পোস্টাল ভোটের পুরো কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়বে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত ‘অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’ শীর্ষক একটি প্রোগ্রামে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, আমাদের সব আপিল কার্যক্রম শেষ হওয়ার পরেও যদি কেউ মনোনয়ন ফেরত পান, তাহলে পোস্টাল ভোটের সব কার্যক্রম কার্যত নষ্ট হয়ে যাবে। এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পোস্টাল ভোট একটি সময়সাপেক্ষ ও সংবেদনশীল প্রক্রিয়া হওয়ায় এতে যেকোনো পরিবর্তন পুরো ব্যবস্থাপনাকে জটিল করে তোলে।

বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতা তুলে ধরে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, গত তিনটি নির্বাচনে যেসব ঘাটতি ও ক্ষতি হয়েছে, সেগুলো বিবেচনায় নিয়ে আমরা সম্মিলিতভাবে একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছি। নির্বাচন কমিশনের প্রত্যাশা ও রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর যৌক্তিক প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটানো জরুরি।

তিনি আরও বলেন, নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরাতে নির্বাচন কমিশন বাস্তবসম্মত ও অংশগ্রহণমূলক উদ্যোগ গ্রহণ করতে চায়। এক্ষেত্রে সব পক্ষের সহযোগিতা অপরিহার্য।

Scroll to Top