অনেক জেলায় তীব্র শীত ও ঘন কুয়াশায় জীবনযাত্রা ব্যাহত | চ্যানেল আই অনলাইন

অনেক জেলায় তীব্র শীত ও ঘন কুয়াশায় জীবনযাত্রা ব্যাহত | চ্যানেল আই অনলাইন

তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দেশের ২৩ জেলায় তীব্র শীতের আভাস দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাগুলো।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আজ (৬ জানুয়ারি) মঙ্গলবার রাত ১২টা থেকে সকাল ৭টার মধ্যে দেশের উত্তর ও দক্ষিণের ২৩টি জেলা ও এর আশেপাশের অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে ।

চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, সাতক্ষীরা, যশোর, খুলনা, মাগুরা, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী, গোপালগঞ্জ, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট ও খাগড়াছড়ি এবং আশপাশের এলাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হতে পারে। কিছু কিছু স্থানে তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমবেশি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গঙ্গা অববাহিকা হয়ে উত্তরাঞ্চল থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ঘন কুয়াশা বিস্তৃত থাকায় শীতের তীব্রতা বেড়েছে। কুয়াশার কারণে দিনের বেলায় সূর্যের আলো কম সময় পাওয়া যাচ্ছে। এর সঙ্গে পরিবেশদূষণ যুক্ত হয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে, যা শীতকে আরও কনকনে করে তুলছে। আপাতত কুয়াশা ও শীত থেকে স্বস্তির সম্ভাবনা কম।

Scroll to Top