এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট সামনে সিলেট পর্বের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকা এবং সর্বোচ্চ ২০০০ টাকায় পাওয়া যাবে টিকিট।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিট বিক্রির সময় ও মূল্য জানিয়েছে বোর্ড। আগামীকাল রোববার থেকে সিলেট পর্বের টিকিট কিনতে পারবেন দর্শকরা। এদিন বিকেল ৪টা থেকে অনলাইনে (www.gobcbticket.com.bd) ওয়েবসাইট থেকে টিকিট কেনা যাবে। তবে মাঠে বা ভেন্যুতে থাকছে না কোনো টিকিট কাউন্টার।
দিনের দুটি ম্যাচের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ২০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ডের। সর্বনিম্ন ২০০ টাকায় সিলেট স্টেডিয়ামের শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারিতে খেলা দেখতে পারবেন দর্শকরা।
এ ছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ২৫০ টাকা, ক্লাব হাউজের আপার জোন ৫০০ টাকা, ক্লাব হাউজের জিরো ওয়েস্ট জোনের টিকিট মূল্য ৬০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ডের প্রতিটি জোনের টিকিটের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা।



