খালেদা জিয়ার লন্ডনযাত্রার প্রস্তুতি: বিকেলে ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স | চ্যানেল আই অনলাইন

খালেদা জিয়ার লন্ডনযাত্রার প্রস্তুতি: বিকেলে ঢাকায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স | চ্যানেল আই অনলাইন

চিকিৎসার প্রয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে না পারার পর, নতুনভাবে নির্ধারণ করা জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স আজ বিকেলে ঢাকায় আসছে।

আজ (৬ ডিসেম্বর) শনিবার বিকেলে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি হিসেবে জর্জিয়ার রাজধানী তিবিলিসির শোটা রুস্তাভেলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি জার্মান এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা আছে। লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা সমন্বয়ের দায়িত্বে রয়েছেন তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার গণমাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ে ঢাকায় আসতে পারেনি। সব ঠিক থাকলে শনিবার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে। ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী হলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে ইনশাল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা হবেন।

খালেদা জিয়ার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তার এন্ডোসকপি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ নিয়ন্ত্রণে এসেছে। তবে সামগ্রিকভাবে তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন গত ১৩ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।

Scroll to Top