এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ভারতের হরিয়ানা রাজ্যে গাড়ির একটি নাম্বার প্লেট বিক্রি হয়েছে ১ কোটি ১৭ লক্ষ টাকায়! এটি এখন পর্যন্ত ভারতের সবচেয়ে দামি রেজিস্ট্রেশন নাম্বার- ‘এইচআর৮৮বি৮৮৮৮’। ভিআইপি গাড়ির জন্য নিলামে উঠেছিল এই রেজিস্ট্রেশন নাম্বারটি। এরপরই ভারতে নথিভুক্ত গাড়ির সবচেয়ে দামি নাম্বারের তকমা পায় প্লেটটি।
অন্যদিকে, দরপত্র জমা দেওয়া ও তারপর ১ কোটি ১৭ লক্ষ কোটি টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় দরদাতা সুধীর কুমারের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছে হরিয়ানা রাজ্য সরকার।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভারতের সবচেয়ে দামি নম্বর প্লেটটি কিনেছেন সুধীর কুমার নামে এক ব্যক্তি। হরিয়ানার হিসারের বাসিন্দা তিনি। এর আগে ভারতে এত দামে গাড়ির কোনও নম্বর বিক্রি হয়নি। ইতিহাস তৈরি করা সেই রেজিস্ট্রেশন নম্বরটি ‘এইচআর৮৮বি৮৮৮৮’।
জানা যায়, ‘এইচআর৮৮বি৮৮৮৮’ নাম্বারটির জন্য নিলাম শুরু হয়েছিল হরিয়ানার সরকারি ভিআইপি নাম্বার পোর্টালে। নিলামের পর গত ২৬ নভেম্বর বুধবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা হয়। দেখা যায়, গাড়ির ওই নাম্বারটি বিক্রি হয়েছে ১ কোটি ১৭ লাখ টাকায়। কিন্তু কেন এত দাম উঠল নাম্বার প্লেটটির?
সংখ্যাতাত্ত্বিক এবং জ্যোতিষদের মতে, ৮৮ সংখ্যাটি অত্যন্ত মূল্যবান। প্রাচুর্য এবং সমৃদ্ধির সঙ্গে যুক্ত এই সংখ্যা। এটি কেবল অর্থের ক্ষেত্রে নয়, আধ্যাত্মিক বৃদ্ধির ক্ষেত্রেও সৌভাগ্যের প্রতীক হিসাবে দেখা হয়। জীবনে ভারসাম্য রক্ষাতেও নাকি গুরুত্বপূর্ণ এই নাম্বার। আর সে কারণেই ওই নাম্বারের প্লেটটি এত দামে বিক্রি হয়েছে।
আবার যুক্তিবাদীদের অনেকের দাবি, নাম্বারটি যে অনন্য, তাতে সন্দেহ নেই। তা ছাড়া ইংরেজি বর্ণমালার ‘বি’ বর্ণ অনেকটা ইংরেজি ‘৮’-এর মতো দেখতে। তাই দূর থেকে দেখলে মনে হতেই পারে, এইচআর-এর পর, একাধিক ৮ সংখ্যা দিয়ে নাম্বারটি তৈরি হয়েছে। আর সে কারণেও অনেকে নাম্বার প্লেটটি কিনতে অত আগ্রহ দেখিয়েছিলেন বলে মনে করেছেন তারা।
উল্লেখ্য, হরিয়ানায় প্রতি সপ্তাহে ভিআইপি বা অভিনব নাম্বার প্লেটের নিলাম হয়। গত শুক্রবার বিকেল ৫টায় দরপত্র শুরু হয় এবং সোমবার সকাল ৯টা পর্যন্ত অফিসিয়াল পোর্টালের মাধ্যমে নিলাম চলে। ফলাফল সাধারণত বুধবার বিকাল ৫টায় ঘোষণা করা হয়।




