ইমরান খান পুরোপুরি সুস্থ, কারাগারে সাক্ষাতের পর জানালেন উজমা খানম | চ্যানেল আই অনলাইন

ইমরান খান পুরোপুরি সুস্থ, কারাগারে সাক্ষাতের পর জানালেন উজমা খানম | চ্যানেল আই অনলাইন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খানম।

মঙ্গলবার ২ ডিসেম্বর, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই তথ্য দেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ডাউন’ প্রকাশিত প্রতিবেদন থেকে তথ্যটি জানা যায়।

কারা কর্তৃপক্ষের অনুমতিতে উজমা খানম ইমরানের সঙ্গে দেখা করেন। এ সময় কারাগারের বাইরে বিপুল সংখ্যক পিটিআই সমর্থক জড়ো হন। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ইমরান খানের শারীরিক অবস্থা ভালো। তবে তিনি বেশ ক্ষুব্ধ এবং বলছেন যে, তাকে মানসিকভাবে চাপের মধ্যে রাখা হয়েছে।

উজমা জানান, ইমরানকে দিনের বেশির ভাগ সময় কক্ষে আটকে রাখা হচ্ছে এবং বাইরে যাওয়ার সুযোগ খুব সীমিত। বাইরের কারও সঙ্গে যোগাযোগও নেই। তার সাক্ষাৎ প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়।

এদিন ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা কারাগারের বাইরে পিটিআইয়ের বিক্ষোভ চলছিল। দলটির অভিযোগ, কয়েক সপ্তাহ ধরে ইমরানের পরিবার ও দলের শীর্ষ নেতাদের তাকে দেখার অনুমতি দেওয়া হয়নি। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সুহেল আফ্রিদি দাবি করেন, ২৭ অক্টোবরের পর থেকে ইমরান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে কোনো সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।

প্রতিবাদ ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে জারি করা হয় ১৪৪ ধারা, যার আওতায় চার বা তার বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ থাকবে।

আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দলীয় নেতৃত্ব ও পরিবারের সদস্যদের ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এরপর থেকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল।

এর আগে দলটি ইসলামাবাদ হাইকোর্টের বাইরে বিক্ষোভ কর্মসূচির হুমকি দেয়। তারা ঘোষণা দিয়েছিল, সেখান থেকে তারা ইমরান খানের সঙ্গে দেখা করার দাবি নিয়ে কারাগার অভিমুখে রওনা হবেন।

Scroll to Top