নামের সঙ্গে ‘বিধ্বংসী’ ব্যাটারের তকমা আগেই যোগ হয়েছে অভিষেক শর্মার। আন্তর্জাতিক ক্রিকেটে তারকা বোলারদের বেধড়ক পিটিয়ে গড়েছেন কিছু রেকর্ডও। এবার ঘরোয়ায় ১২ বলে ফিফটি করলেন পাঞ্জাবের হয়ে। বাঁহাতি ওপেনারের ইনিংসটি স্বীকৃত টি-টুয়েন্টিতে তৃতীয় দ্রুততমের রেকর্ড। ভারতীয় ব্যাটারদের মধ্যে যা দ্বিতীয় দ্রুততম। শুরুর ঝড় টেনে তিনি ৩২ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি।
হায়দরাবাদে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বেঙ্গলের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটে নেমেছিল পাঞ্জাব। অভিষেকের ৫২ বলে ১৪৮ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ৩১০ রানের সংগ্রহ গড়ে দলটি। লক্ষ্যে নেমে ৯ উইকেটে ১৯৮ রানে থেমেছে বেঙ্গল। ১১২ রানের বড় জয়ে মাঠ ছাড়ে পাঞ্জাব।
মোহাম্মদ শামি, আকাশ দীপদের নিয়ে গড়া বোলিং লাইনআপের বিপক্ষে ফিফটি করে থেমে যাননি ২৫ বর্ষী অভিষেক। তাণ্ডব জারি রেখে ৩২ বলে পূর্ণ করেন স্বীকৃত টি-টুয়েন্টিতে নিজের অষ্টম সেঞ্চুরি। ভারতের ব্যাটারদের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক শতক।
শুরু থেকে বিধ্বংসী ব্যাটিং করে ৫টি করে চার-ছক্কায় ১২ বলে ফিফটি তোলেন অভিষেক। তারকা ওপেনার ফিফটি পরের ২০ বলে আরও ২ চারের সঙ্গে ৬ ছক্কা হাঁকিয়ে ৩২ বলে সেঞ্চুরি তোলেন। সেঞ্চুরিতে বসেছেন রোহিত শর্মার পাশে। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ৪৫০ ইনিংসে করেছেন ৮ সেঞ্চুরি। মাত্র ১৫৭ ইনিংসে তাকে ছুঁয়ে ফেললেন অভিষেক।
স্বীকৃত টি-টুয়েন্টিতে ৯ বলে ফিফটি করে দ্রুততমের বিশ্বরেকর্ড নেপালের দীপেন্দ্র সিং আইরির। ১১ বলে ফিফটি আছে ভারতের আশুতোষ শর্মার। অভিষেকসহ এখন পাঁচজনের পাশে থাকছে ১২ বলে ফিফটি। সবার আগে ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে যা করেছিলেন ভারতের যুবরাজ সিং। পরে তালিকায় যুক্ত হন ক্রিস গেইল, হযরতউল্লাহ জাজাই ও এস্তোনিয়ার সাহিল চৌহান।
গতবছর সাইপ্রাসের বিপক্ষে ১২ বলে ফিফটি করার দিনে আবার ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন সাহিল। যা এখনও দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড। গতবছর ২৮ বলে সেঞ্চুরি করে তালিকার দুইয়ে উঠে আসেন অভিষেক ও উর্ভিল প্যাটেল। চলতি বছর সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ৩১ বলে আরেকটি সেঞ্চুরি করেছেন উর্ভিল। ২৯ ও ৩০ বলে সেঞ্চুরি আছে যথাক্রমে মোহাম্মদ ফাহাদ ও গেইলের। অভিষেকের সমান ৩২ বলে সেঞ্চুরির কীর্তি আছে আরও দুই ভারতীয় রিশভ পান্ট ও বৈভব সূর্যবংশীর।



