টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু | চ্যানেল আই অনলাইন

টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু | চ্যানেল আই অনলাইন

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে আজ ফজরের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের আয়োজিত পাঁচ দিনের জোড় ইজতেমা। জোড় ইজতেমায় কেবল ৩ চিল্লার সাথীরা এবং অন্তত এক চিল্লা সময় তাবলিগের কাজে যুক্ত আলেমরা অংশগ্রহণ করতে পারেন। 

আজ ২৮ নভেম্বর শুক্রবার শুরু হয়ে আগামী মঙ্গলবার ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে এই বিশেষ আয়োজনের সমাপ্তি হবে। প্রতিবছরের মূল বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে এই জোড় অনুষ্ঠিত হয়। এখানে তাবলিগের সাথীরা সারা বছরের দাওয়াতি কাজের কারগুজারি পেশ করেন এবং জ্যেষ্ঠ মুরব্বিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা গ্রহণের সুযোগ পান।

ইতিমধ্যে দেশ-বিদেশের শুরায়ি নেজামের প্রবীণ মুরব্বিগণ টঙ্গীতে উপস্থিত হয়েছেন। সংগঠনটির অভ্যন্তরে জোড়কে তাবলিগ জামাতের ‘সোনালি ঐতিহ্য’ হিসেবে বিবেচনা করা হয়। দাওয়াতের চেতনা জাগ্রত করা এবং সারা বছরের কর্মপদ্ধতির সঠিক রূপরেখা নির্ধারণে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইজতেমায় বয়ানকারীরা দাঈদের আমল, দাওয়াতের পদ্ধতি, তরতিব এবং দেশের বর্তমান প্রেক্ষাপটে করণীয়-নিষ্করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন, যা সাথীদের দুনিয়া ও আখেরাতের জীবন পরিচালনায় সহায়ক হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচন শেষে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মূল বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

Scroll to Top