Last Updated:
Stray Dog Attack: শুক্রবার, ১৪ নভেম্বর শিশু দিবসের সকালে ভয়াবহ কাণ্ড। রাস্তায় খেলতে বেরিয়ে পথকুকুরের হামলায় গুরুতর জখম তিন বছরের শিশু। কপালের মাংস ছিঁড়ে নিয়েছে হিংস্র কুকুর। বর্তমানে শিশুটি কালনা হাসপাতালে চিকিৎসাধীন।

কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: শুক্রবার শিশু দিবসের শান্ত সকালেই ভয়াবহ দুঃস্বপ্নের মুখোমুখি হল নাদনঘাট থানার জালাহাটি দাসপাড়া এলাকা। রাস্তায় খেলা করতে বেরিয়ে পথকুকুরের হামলায় গুরুতর জখম মাত্র তিন বছরের অয়ন দাস। বর্তমানে সে কালনা হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবার সূত্রে জানা যায়, এদিন সকালে অয়ন হাতে বিস্কুট নিয়ে বাড়ির সামনে রাস্তার ধারে খেলছিল। হঠাৎই কোথা থেকে একটি রক্তচক্ষু পথকুকুর এসে শিশুটির উপর ঝাঁপিয়ে পড়ে। আচমকা আক্রমণে অয়ন কিছু বুঝে ওঠার আগেই কুকুরটি তার কপালের মাংস ছিঁড়ে নেয়। অয়নের চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসেন। প্রথমে তাঁর ঠাকুমা, পরে কাকা এসে শিশুটিকে কুকুরের মুখ থেকে ছাড়ানোর চেষ্টা করেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, একই পথকুকুর কয়েকদিন আগেও এক মহিলাকে কামড়েছিল। এমনকি একটি ছাগলকেও আক্রমণ করেছে বলে জানা গিয়েছে। এদিনের ঘটনার পর স্থানীয়দের বক্তব্য, গ্রামে ছোট শিশুদের সংখ্যা বেশি। যে কুকুর আগে থেকেই কামড়াচ্ছে, তাকে ধরে না রাখলে আরও বড় বিপদ ঘটতে পারে। শিশু দিবসের সকালেই এমন ভয়াবহ ঘটনায় ক্ষুব্ধ ও আতঙ্কিত এলাকার মানুষ। শিশুটির সুস্থতা কামনায় এখন প্রার্থনায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
November 14, 2025 4:42 PM IST
Stray Dog Attack: শিশু দিবসেই পথকুকুরের হামলায় গুরুতর জখম ৩ বছরের শিশু! কপাল থেকে খুবলে নিয়েছে মাংস, কালনা হাসপাতালে চিকিৎসাধীন একরত্তি


