আমরা সবাই বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখি। উন্নয়ন এখন শুধু অর্থনৈতিক সূচক নয়, সামাজিক অন্তর্ভুক্তি ও ন্যায্যতার মাপকাঠিতেও পরিমাপ করা প্রয়োজন। এই প্রেক্ষাপটে অংশীজনদের মধ্যে নিয়মিত গোলটেবিল বৈঠক ও যৌথ উদ্যোগের প্রয়োজন আরও স্পষ্ট হয়েছে। কারণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের মূল দর্শনই হলো লিব নো ওয়ান বিহাইন্ড (কাউকে পেছনে ফেলে নয়)।
আর্থসামাজিক যেকোনো বিষয়ে যত বেশি মুক্ত আলাপ হবে, তত বেশি মুক্তবুদ্ধি চর্চার সুযোগ তৈরি হবে। বাংলাদেশের অন্যতম প্রধান দৈনিক পত্রিকা প্রথম আলো জাতীয় ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অংশীজনের সম্মিলিত কণ্ঠস্বর তুলে ধরার লক্ষ্যে নিয়মিত গোলটেবিল বৈঠকের আয়োজন করে থাকে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো একটি নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের এক মঞ্চে নিয়ে আসা, যাতে তাঁদের অভিজ্ঞতা, বিশ্লেষণ ও সুপারিশের মাধ্যমে একটি সম্মিলিত ও কার্যকর দিকনির্দেশনা উঠে আসে।
গত এক বছরে প্রথম আলো বিভিন্ন জাতীয় ইস্যুতে অর্ধশতাধিক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল: শিশু অধিকার, নারী অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, রাজনৈতিক সংস্কৃতির বিকাশ, মানবাধিকার, তথ্যপ্রযুক্তি, বাল্যবিবাহ প্রতিরোধ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, তারুণ্যের সম্ভাবনা, জলবায়ু পরিবর্তন প্রভৃতি। এসব আয়োজনের অন্যতম লক্ষ্য ছিল নীতিনির্ধারকদের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সংযোগ ঘটানো এবং সমাজে বিদ্যমান বৈষম্য কমানোর উদ্যোগ গ্রহণ।



