বাসে আগুন দিয়ে ভিডিও ধারণ, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে তরুণের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

বাসে আগুন দিয়ে ভিডিও ধারণ, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে তরুণের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

ঢাকার মিরপুরে বাসে আগুন দিয়ে ভিডিও ধারণ করার সময় ধাওয়া খেয়ে তুরাগ নদীতে ঝাঁপিয়ে পড়ে ছাইয়াফ (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১০টার পর মিরপুরের শাহ আলী থানার উত্তর নবাবের বাগের সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পাশে রাস্তার পাশে থেমে থাকা একটি বাসে কয়েকজন তরুণ প্লাস্টিকের বোতল থেকে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। অগ্নিসংযোগ করে তাঁরা বাসটির ভিডিও মুঠোফোনে ধারণ করছিলেন।

পুলিশ আরও জানায়, আশপাশের লোকজন বাসে আগুন জ্বলতে দেখে তাঁদের ধাওয়া দেয়। নাহিয়ান আমির সানি (১৮) নামের এক তরুণকে আটক করা হয়। এ সময় নাহিয়ানের সঙ্গী ছাইয়াফ দৌড়ে গিয়ে পাশের তুরাগ নদে ঝাঁপ দেন এবং আরেকজন পালিয়ে যান। সাঁতার না জানা থাকায় ছাইয়াফ পানিতে ডুবে যান। মুমূর্ষু অবস্থায় ছাইয়াফকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থলে গেলে আটক আমিরকে সোপর্দ করে জনতা। পালিয়ে যাওয়া আরেকজনের নাম রুদ্র মোহাম্মদ বলে জানিয়েছে পুলিশ। তাঁকে ধরার চেষ্টা চলছে।

Scroll to Top