মেসি সাক্ষাৎকারে বার্সা থেকে বিদায়ের কথাও উল্লেখ করেছেন। প্রত্যাশিত বিদায় যে পাননি সে কথাও বলেছেন। করোনা মহামারি, শূন্য স্টেডিয়ামে খেলা এবং চুক্তি নবায়নের সিদ্ধান্ত হঠাৎ বদলে যাওয়া—এমন এক সমাপ্তি টেনে দিয়েছিল বার্সায়, যা ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় আইকনটির জন্য বেমানান ছিল। এমন বিদায় বেদনাহত করেছিল মেসিকেও, ‘এর ফলে আমার মনে এক অদ্ভুত অনুভূতি জন্মেছিল, এটা সেই বিদায় ছিল না যার স্বপ্ন আমি দেখেছি।’
মেসি জানিয়েছেন, তিনি ইউরোপিয়ান ক্যারিয়ারের শেষটা বার্সার জার্সিতেই করতে চেয়েছিলেন, ‘ভেবেছিলাম, ইউরোপে পুরো ক্যারিয়ারটাই বার্সেলোনার জার্সিতে কাটাব। তারপর এখানে (মায়ামিতে) আসব, যেটা আমি করেছি। এটাই ছিল আমার পরিকল্পনা।’ কিন্তু বাস্তবতা মেসির সামনে ধরা দেয় একেবারে ভিন্নভাবে, চোখের জলে অভিমান ও হতাশা নিয়েই ২০২১ সালে বার্সা ছাড়তে হয়েছিল তাঁকে।


