ডিএমটিসিএলের ওই নোটিশে বলা হয়েছে, ‘সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে—ডিএমটিসিএল কর্তৃপক্ষ।’
স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়লেও ১০০ টাকা কাটার এই নিয়ম নিয়ে যাত্রীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। ‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ নামের একটি ফেসবুক গ্রুপে এ–সংক্রান্ত পোস্টে তিন হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন। ওই পোস্টের প্রতিক্রিয়ায় যাত্রীরা বলছেন, স্টেশনে প্রবেশের পর হঠাৎ যদি কারও জরুরি প্রয়োজনে বের হতে হয় বা হঠাৎ কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, তাঁর ক্ষেত্রেও এই নিয়ম প্রয়োগ করা অন্যায়। যদি যাত্রীদের ভাড়া ফাঁকি ঠেকানোর উদ্দেশ্যে এই নিয়ম করা হয়ে থাকে, সে ক্ষেত্রে ন্যূনতম ভাড়া কাটতে পারে। কিন্তু সবার ক্ষেত্রে ১০০ টাকা ভাড়া কাটা অযৌক্তিক সিদ্ধান্ত।


