‘এটা আমার কাজ, আমাকে করতেই হবে’ | চ্যানেল আই অনলাইন

‘এটা আমার কাজ, আমাকে করতেই হবে’ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ব্যাটে-বলে দারুণ করেছেন রিশাদ হোসেন। ১৩ বলে ২৬ রানের ঝড়ো ক্যামিওর পর বল হাতে ৩৫ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। তার ক্যারিয়ারসেরা বোলিংয়ে চার ম্যাচ পর ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচসেরা পারফরম্যান্সের পর রিশাদ জানালেন, এটা তার কাজ, তাকেই করতে হবে।

প্রথম স্পিনার এবং চতুর্থ বোলার হিসেবে বাংলাদেশের জার্সিতে ৬ উইকেট নেয়ার কীর্ত গড়েছেন রিশাদ। টাইগার লেগ স্পিনারের ঘূর্ণিতে বিধ্বস্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৭৪ রানে জয় তুলে নিয়েছে টিম টাইগার্স। পরে সংবাদ সম্মেলনে এসে নিজের অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে রিশাদ বলেন এমন।
বলেছেন,‘আসলে তেমন কিছু বলার নেই। এটা আমার কাজ, আমাকেই করতে হবে। সবাই আজ একটু ভুগছিল, আমি চেষ্টা করছিলাম সেরাটা দিতে। আমার কাজই এটা।’

বোলিংয়ের মতো ব্যাটিংয়েও ভালো করেছেন রিশাদ। ৮ নম্বরে নেমে ঝলক দেখান রিশাদ। ২ ছক্কা ও ১ চারে খেলেছেন ১৩ বলে ২৬ রানের ইনিংস। ব্যাটিং নিয়ে রিশাদ বলেন, ‘আমি যেখানে ব্যাটিংয়ে নামি সেখানে আমার রোলটা হচ্ছে কীভাবে একটু বাড়তি রান করা যায়, দলের জন্য যেটা ভালো হয়। যে জায়গায় ১৮০ হয় সেখানে যদি ২১০–২১৫ হয়, আমার জন্য ভালো হয়। আমার রোল এটা, আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ হয়েছে। আমি বুঝি আমার দলের জন্য কী দরকার। চেষ্টা করেছি আমি একটু ভালো করলে দলের জন্য এটা ভালো হবে।’

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে অবদান রাখতে পারায় খুশি রিশাদ। বলেছেন, ‘অবশ্যই, এটা অনুপ্রেরণার বিষয়। একজন খেলোয়াড় হিসেবে তিন বিভাগেই অবদান রাখতে পারা ভালো বিষয়। আমি চেষ্টা করি যেকোনো একটি বিভাগে নিজের ছাপ রাখার এবং শতভাগেরও বেশি দেয়ার।’

Scroll to Top