এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মেয়েদের অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে স্বাগতিক জর্ডানের বিপক্ষে দুর্দান্ত শুরু করেও পয়েন্ট ভাগ করতে হয়েছে বাংলাদেশের। দলের কোচ সাইফুল বারি টিটুর মতে বাংলাদেশ দল কিছু ছোট ছোট ভুলে করলেও ক্রমাগত উন্নতি করছে। ম্যাচের পরে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের প্রতি জানালেন কৃতজ্ঞতা।
শুরুতেই সুরভী আকন্দ প্রীতির গোলে এগিয়ে লিড আসে। ৮৯ মিনিটে গোল হজম করে ১-১ সমতায় জয়বঞ্চিত হয়েছে অর্পিতা বিশ্বাসের দল। জর্ডানের গোলটি এসেছে মিরা জারার থেকে।
দুবাইয়ে প্রস্তুতি ম্যাচের জন্য বাফুফের সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের কোচ। টিটু বলেছেন, ‘খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের কালকে ম্যাচটা আসলে যেতে উচিত ছিল। খুব কাছে আমরা গিয়েছিলাম। তারপরেও আমি বলব, আমি যদিও কম সময় পেয়েছি কিন্তু খুব সাহয্য করেছে আমাদের আসলে দুবাইয়ের দুটা প্রস্তুতি ম্যাচ। বাফুফে প্রেসিডেন্ট সবসময় সব দলকে উনি পাঠাচ্ছেন দুদিন আগে তিনদিন আগে প্রস্তুতি ম্যাচের জন্য, এটা আসলে বিশেষ ব্যাপার। এটা আগে ওইভাবে দেখা যায়নি, আগে হতো কিন্তু এ যে অনূর্ধ্ব-১৭ মেয়েদের দলের জন্যও হচ্ছে এটা আসলে অভূতপূর্ব। আমার মনে হয় ওনার দৃষ্টিটা হচ্ছে সবসময়, যে আমাদের ভালো করার এবং এশিয়ান পর্যায়ে খেলার। ওই জিনিসটা আসলে আমাদের খুব হেল্প করে।’
দলের এখনো কিছু ভুল হচ্ছে বলে জানান টিটু। কোচ বলেছেন, ‘টিম নিয়ে যদি বলি, মেয়েরা চেষ্টা করেছে কিন্তু এ সমস্যাটা আমাদের রয়ে গেছে, একদম শেষ মুহূর্তে ছোট ছোট ভুলগুলি কিন্তু জেতা এবং হারের বিষয়টা তৈরি করে। কালকে একটা সুবর্ণ সুযোগ ছিল তিন পয়েন্ট, এবং গ্রুপে শীর্ষে থাকা। কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, আমাদের এখনো সুযোগ আছে পরের ম্যাচ জেতার। পরের ম্যাচ জিতলে একটা ভালো পর্যায় যাওয়ার কথা। আমরা সেখানে চাইনিজ তাইপের ব্যাপারে জানি না, কালকে চাইনিজ তাইপে এবং জর্ডানের ম্যাচটা দেখবো। তারপর আমাদের পরিকল্পনা সেভাবে সাজাতে হবে।’



