উচ্চ লবণসমৃদ্ধ খাবার, প্রক্রিয়াজাত খাবার, উচ্চচর্বি ও চিনিযুক্ত খাবার, লাল মাংস অধিক পরিমাণে খাওয়া ঝুঁকির অন্যতম কারণ। তরুণদের মধ্যে অনেকেই দীর্ঘক্ষণ অফিসে বসে কাজ করেন। শরীরচর্চার অভ্যাস নেই বললেই চলে। এর ফলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ছে। আবার সামাজিক, অর্থনৈতিক নানাবিধ কারণে তরুণেরা মানসিক চাপে ভোগেন। এ ছাড়া পর্যাপ্ত বিশ্রামের অভাব ও নিদ্রাহীনতায়ও ভোগেন অনেকে।
পরিবারের কারও উচ্চ রক্তচাপ থাকলে ঝুঁকি বেড়ে যায়। যাঁরা ধূমপান বা মদ্যপান করেন, তাঁদের ঝুঁকিও বেশি। কারণ এর ফলে রক্তনালির ক্ষতি হয়, যা রক্তচাপ বাড়াতে পারে। শারীরিক নানা জটিলতা যেমন কিডনি রোগ, হার্টের সমস্যা, হরমোনজনিত কিছু অসুস্থতা রয়েছে। এর ফলে জটিলতাস্বরূপ উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। কিছু ওষুধ যেমন ব্যথানাশক, গর্ভনিরোধক ইত্যাদিও উচ্চ রক্তচাপের অন্যতম কারণ।