Last Updated:
Bonedi Bari Puja 2025: প্রতিটি বনেদি বাড়ির দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস। এরকমই একটি পুজো হল নন্দকুমারের ব্যবত্তাবাটির প্রায় ৪৫০ বছরের প্রাচীন দুর্গাপুজো। এই পুজোর সূচনা করেছিলেন তাম্রলিপ্ত নগরীর রাজা তাম্রধ্বজের ব্যবস্থাপক স্বার্থকরাম।
কোন ইতিহাস লুকিয়ে রয়েছে নন্দকুমারের ব্যবত্তাবাটির দুর্গাপুজোয়
নন্দকুমার, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: দুর্গাপুজো মানেই এক দিকে বারোয়ারী পুজো অন্যদিকে বনেদি বাড়ির দুর্গাপুজো। প্রতিটি বনেদি বাড়ির দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস। এরকমই একটি পুজো হল নন্দকুমারের ব্যবত্তাবাটির প্রায় ৪৫০ বছরের প্রাচীন দুর্গাপুজো। এই পুজোর প্রথম প্রচলন করেন তাম্রলিপ্ত নগরীর রাজা তাম্রধ্বজের ব্যবস্থাপক স্বার্থকরাম। মূলত নিজের মায়ের চোখের জল মোছাতে স্বার্থকরাম এই দুর্গাপুজোর সূচনা করেন। যা আজও সেই ঐতিহ্য এবং রীতিনীতি মেনে হয়ে আসছে।
পুজোর ইতিহাস ঘাঁটলে জানা যায়, আজ থেকে প্রায় ৪০০-৪৫০ বছর আগে এই পুজোর সূচনা হয়। সে সময় তাম্রলিপ্ত নগরীর রাজা তাম্রধ্বজের ব্যবস্থাপক ছিলেন পূর্বপুরুষ স্বার্থকরাম। স্বার্থকরামের মা পাশের কোনও এক জায়গায় পুজোর অঞ্জলি দিতে গিয়েছিলেন। সেখানে তাকে ভিখারি বামুনের বউ বলে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। চোখে জল নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসেন স্বার্থকরামের মা। সেই জল সহ্য করতে পারেনি স্বার্থকরাম। মায়ের চোখের জল নিবারণ করতে পরের বছর থেকেই একচালা সাবেকি মূর্তিতে দেবী দুর্গার পুজো শুরু করেন স্বার্থকরাম।
পরিবারের অন্যতম সদস্য সন্দীপ চক্রবর্তী বলেন, ‘এই পুজোর প্রচলন করেছিলেন পূর্বপুরুষ স্বার্থকরাম। তিনি তার মায়ের চোখের জল মুছিয়ে দিতে পুজোর প্রচলন শুরু করেন। প্রায় সাড়ে চারশো বছর ধরে সেই পুজো হয়ে আসছে। পুজোর বিশেষত্ব হল আন্তরিকতা। এখনও পর্যন্ত বাড়ির সমস্ত সদস্যরা যে যত দূরেই থাক পুজোর সময় ঠিক ব্যাবত্তাবাটিতে এসে হাজির হন। পুজোর কয়েকদিন ঠাকুরদালানে বসে সংগীতের আসর। গোটা ব্যাবত্তাহাটের মানুষজন এই পুজোয় মেতে ওঠেন’।
মায়ের চোখের জল মোছাতে চিন্ময়ী মায়ের আরাধনা শুরু করেছিলেন ব্যবত্তাবাটির পূর্বপুরুষ স্বার্থকরাম। আমচুরের টক ও বড়ি দিয়েই ভোগ দেওয়া হয় চিন্ময়ী মাকে। মায়ের প্রসাদ পেতে প্রতিদিন ভিড় জমান বহু মানুষ। নবীন ও প্রবীণদের মিলিত প্রয়াসে পুরানো ঐতিহ্য বহন করে আজও জমজমাট নন্দকুমারের ব্যবত্তাবাটির বনেদি বাড়ির পুজো।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
September 13, 2025 5:32 PM IST
Bonedi Bari Puja 2025: ৪৫০ বছরের এক করুণ ইতিহাস লুকিয়ে রয়েছে ব্যবত্তাবাটির বনেদি বাড়ির দুর্গাপুজোয়! শুনলে চোখে জল আসবে



