Last Updated:
বৃষ্টিতে থমকে কুমোরপাড়া! পুজোর আগে অনিশ্চয়তায় মৃৎশিল্পীরা।
ব্যস্ত মৃৎশিল্পী
এগরা, পূর্ব মেদিনীপুর, মদন মাইতিঃ আর মাত্র কয়েক দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। এই সময় মাটির জিনিসপত্রের চাহিদা তুঙ্গে থাকে। প্রদীপ, ধূপদানি, ঘট, হাঁড়ি, ধুনুচি-সব কিছুরই প্রয়োজন হয় পূজার কাজে। তাই সারা বছর যে মৃৎশিল্পীদের কাজ প্রায় থাকেই না, এই সময় তাঁদের সারা বছরের রোজগার হয়। কিন্তু এ বছর পূর্ব মেদিনীপুরের এগরা এলাকার কুমোরপাড়ার শিল্পীরা পড়েছেন এক নতুন সমস্যায়। ভাল বায়না পাওয়া সত্ত্বেও বৃষ্টির কারণে মাটির জিনিসপত্র শুকোতে না পেরে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।
পূর্ব মেদিনীপুরের এগরার কুমোরপাড়ার মৃৎশিল্পীদের কাছে দুর্গাপূজা মানেই হাতে অতিরিক্ত কাজ। সারা বছর তেমন চাহিদা না থাকলেও এই সময়টা তাঁদের হাতে কাজ উপচে পড়ে। অন্যান্য বছর এই সময় নাওয়া-খাওয়ার সময় থাকে না। এবারও তার ব্যতিক্রম হয়নি, বরং বরাত ভালই এসেছে। কিন্তু প্রকৃতি তাঁদের এই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। লাগাতার বৃষ্টির কারণে মাটির তৈরি সামগ্রীগুলো ঠিকমতো শুকোতে পারছেন না শিল্পীরা। কাঁচা জিনিসপত্র রোদে না শুকালে সেগুলো আগুনে পোড়ানো সম্ভব নয়। আর সময় মতো সামগ্রীগুলো তৈরি না হলে উৎসবের আগে ডেলিভারি দেওয়াও সম্ভব হবে না।
বৃষ্টির কারণে মাটির জিনিসপত্র শুকোতে না পাড়ায় বিপাকে পড়েছেন পূর্ব মেদিনীপুরের এগরা এলাকার মৃৎশিল্পীরা। পুজোর ভাল বরাত পেলেও তাঁরা দুশ্চিন্তায় আছেন, কারণ সময়মতো কাজ শেষ না হলে সারা বছরের রোজগার হারাতে হবে। এখন তাঁদের একমাত্র ভরসা রোদ, যাতে তাঁরা তাঁদের হাতে গড়া শিল্পকর্মগুলো তৈরি করে ক্রেতাদের কাছে পৌঁছাে দিতে পারেন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 20, 2025 10:46 PM IST



