‘প্রথমবার’ সামনে এসে ক্যাবরেরা বললেন ‘ইতিবাচক’ | চ্যানেল আই অনলাইন

‘প্রথমবার’ সামনে এসে ক্যাবরেরা বললেন ‘ইতিবাচক’ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সেপ্টেম্বরের ম্যাচের জন্য অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১৩ আগস্ট ক্যাম্প শুরুর পর প্রথমবার সংবাদমাধ্যমের সামনে এলেন হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা। সব খেলোয়াড় না থাকলেও তিনি বলছেন, অনুশীলন ইতিবাচক হচ্ছে।

বসুন্ধরা কিংস তাদের ১০ খেলোয়াড় ছাড়েনি। কিছু খেলোয়াড় অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে বাহরাইনে আছেন। অনুশীলনের সুবিধার্থে অনূর্ধ্ব-১৯ দল থেকেও খেলোয়াড় নিতে হয়েছে ক্যাবরেরাকে। বিভিন্ন ক্লাব থেকে খেলোয়াড় ডেকেছেন তিনি।

জাতীয় দলের ক্যাম্প নিয়ে ক্যাবরেরা বললেন, ‘এখন পর্যন্ত আমাদের ক্যাম্প ইতিবাচক যাচ্ছে। আমরা গত সাতদিন অনুশীলন করছি। এখানে ১৩ জন সিনিয়র খেলোয়াড় আছে। কয়েকজন খেলোয়াড় নেই। কেউ অনূর্ধ্ব-২৩ দলে, কেউ বসুন্ধরা কিংসে। দল পরিপূর্ণ করার জন্য অনূর্ধ্ব-১৯ দলের কয়েকজন খেলোয়াড় ডেকেছি।’

‘আমরা প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাচ্ছি, মনে করি এটি কার্যকর হবে। এটা শুধু নেপালের বিপক্ষে প্রস্তুতির জন্যই কাজে আসবে না, বরং হংকং আর ভারতের বিপক্ষে বড় ম্যাচগুলোর কথাও ভেবে রাখছি। অবশ্য সব খেলোয়াড় একসঙ্গে পেলে ভালো হতো।’

‘এখন আমাদের লক্ষ্য হল এ উইন্ডোতে ভালোভাবে প্রস্তুতি নেয়া। বিশেষ করে হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচের পরিকল্পনা করছি। কারণ আমরা জানি ওটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে চলছ।’

নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ হবে ৬ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ও শেষটি হবে ৯ সেপ্টেম্বর।

Scroll to Top