টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপ। তার আগে আফগানিস্তান ও স্বাগতিক আমিরাতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের জন্য সবার আগে দল দিল পিসিবি। বাদ পড়েছেন দুই অভিজ্ঞ বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
টি-টুয়েন্টির ত্রিদেশীয় সিরিজ ও একই ফরম্যাটের এশিয়া কাপের জন্য রোববার ১৭ সদস্যের দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নেতৃত্বে সালমান আলি আঘা। বাবর-রিজওয়ানদের মতো মাঝে টি-টুয়েন্টিতে ছিলেন না পেসার শাহিন শাহ আফ্রিদি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ফেরা তারকাকে রাখা হয়েছে দলে।
ত্রিদেশীয় সিরিজ চলবে ২৯ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত। সিরিজের সব ম্যাচ শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে। এর পরপরই পর্দা উঠবে এশিয়া কাপের। আবুধাবি ও দুবাইতে মহাদেশীয় প্রতিযোগিতাটি ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এশিয়া কাপে অংশ নেবে আট দল। পাকিস্তান আছে ‘এ’ গ্রুপে, প্রতিপক্ষ ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
পাকিস্তান দল: সালমান আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি এবং সুয়ান শাহ আফ্রিদি।





