শ্রাবণের মেঘ আর রৌদ্রের লুকোচুরির এক অভূতপূর্ব পরিবেশে কানাডায় সম্পন্ন হয়েছে চট্টগ্রাম বিভাগের বার্ষিক বনভোজন ও মেজবানী ফেস্ট।
দেশটির ক্যালগেরির নর্থ গ্লেনমোড় পার্কে অনুষ্ঠিত এই বার্ষিক বনভোজনে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের সমাগম ঘটে। দিনব্যাপী এই বনভোজনে প্রবাসীরা আনন্দ-উৎসবে মেতে উঠেছিল অন্য রকম এক মিলনমেলায়।
প্রকৃতির অবয়ব রূপ আর নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে ছোট শিশু-কিশোর আর পরিবার পরিজনের মিলন মেলার সাথে বাড়তি যোগ হয়েছিল ঐতিহাসিক চট্টগ্রামের মেজবান খাবার ও বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার।
দিনব্যাপী এই বনভোজনে ছিল ছোট ছোট শিশু-কিশোরদের বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতা। ছিল বড়দের বিভিন্ন ধরনের খেলা। পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বনভোজন শেষ হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ কানাডা এসোসিয়েশনের সভাপতি ইকবাল রহমান ও সাধারণ সম্পাদক আসিফ হোসেন উপস্থিত ছিলেন।





