মানুষের মুখমণ্ডলের অবিচ্ছেদ্য অংশ কান। কানের নানা অংশ দিয়ে আমরা শুনে থাকি। কানের নিচের নরম মাংসের অংশটিকে কানের লতি বলা হয়। কানের লতিকে বৈজ্ঞানিক ভাষায় লোবিউল বলা হয়। এই অংশ তরুণাস্থিবিহীন। চর্বি ও কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি রক্তনালিসমৃদ্ধ অঙ্গ হচ্ছে কানের লতি। নানা ধরনের অলংকার পরা হলেও কানের লতির কার্যক্রম সম্পর্কে প্রশ্ন রয়েছে অনেকের মনেই।
অনেক বিজ্ঞানী মনে করেন, মানুষের কানের লতির নির্দিষ্ট বা অপরিহার্য কোনো জৈবিক কাজ নেই। মানবদেহের একটি ভেস্ট্রিজিয়াল অঙ্গ হিসেবে কানের লতি বিবর্তনের ধারায় তার মূল কার্যকারিতা হারিয়ে ফেলেছে। আবার কোনো কোনো বিজ্ঞানী মনে করেন, কানের লতির মধ্যে থাকা রক্তনালি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সামান্য ভূমিকা পালন করে। রক্ত সঞ্চালনের মাধ্যমে তাপ বিনিময় করে। যদিও এসব ধারণার পক্ষে কোনো জোরালো বৈজ্ঞানিক প্রমাণ নেই।



