২০২৬ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া মেয়েদের এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে মিয়ানমারে গিয়েছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এ আসরের মূলপর্বে খেলা নিশ্চিত করে বাংলাদেশের ফিরেছে ঋতুপর্ণা-তহুরা খাতুনরা। সোমবার দিবাগত রাত দেড়টায় থাইল্যান্ডের একটি ফ্লাইটে ঢাকায় পা রাখেছন তারা।
থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্থানীয় সময় রাত সাড়ে আটটায় ব্যাংককে পৌঁছায় আফঈদা খন্দকারের দল। সেখানে ট্রানজিট শেষে রাত ১১টা ৫০ মিনিটে বাংলাদেশের পথে রওনা দেন তারা।
আফঈদা খন্দকারের নেতৃত্বে দলটি সরাসরি যাবে হাতিরঝিলে। যেখানে আগে থেকেই সংবর্ধনার আয়োজন করে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। খেলোয়াড়দের সময় স্বল্পতার কারণে রাতেই সংবর্ধনা দেয়া হবে। সংবর্ধনা শেষে নিজেদের গন্তব্যে যাবেন ফুটবলাররা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে, ঢাকার প্রাণকেন্দ্র হাতিরঝিল এম্পিথিয়েটারে ৭ জুলাই দিবাগত রাত আড়াইটায় ফুটবলারদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। খেলোয়াড়দের সময় স্বল্পতার কারণে রাতেই সংবর্ধনার আয়োজন করা হচ্ছে।
মেয়েদের এশিয়ান কাপের বাছাইপর্বে ‘সি’ গ্রুপে ছিল বাংলাদেশ। তাদের সঙ্গী ছিল স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। দুই ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট নিয়ে প্রথমবার এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।
বাছাইপর্বের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে হারায় ২-১ গোলে। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও ৭-০ গোলে হারায় বাংলার বাঘিনীরা। দ্বিতীয় ম্যাচের পর বাহরাইন ও তুর্কমেনিস্তানের ম্যাচ ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখে এশিয়ান কাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয়। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন টাইগ্রেসরা।





