পাকিস্তানের সিন্ধু প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীদের হাতে নিহত হয়েছে লস্কর-ই-তৈয়বা-এর রাজাউল্লাহ নিজামানি, যিনি আবু সাইফুল্লাহ খালিদ নামেও পরিচিত। ভারতে একাধিক বড় হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
সোমবার (১৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার বিকেলে সিন্ধুর বাদিন জেলার মাতলি শহরে নিজের বাসার কাছেই একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি করে হত্যা করে তাকে। হত্যাকারীদের পরিচয় এখনও জানা যায়নি।
সাইফুল্লাহ খালিদ ভারতের তিনটি বড় সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। যার মধ্যে- ২০০১ সালে উত্তরপ্রদেশের রামপুরে সিআরপিএফ ক্যাম্পে হামলা, ২০০৫ সালে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এ হামলা এবং ২০০৬ সালে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সদর দপ্তরে আত্মঘাতী হামলার চেষ্টা।
প্রায় ২৫ বছর ধরে লস্কর-ই-তৈবার সঙ্গে সম্পর্ক আবু সইফুল্লার। নেপালের পথে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর ব্যাপারেও তার বিরুদ্ধে বড় ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে।



