মহাকাব্যিক, রাজা কোহলি, সর্বকালের সেরা, আরও যা বলছেন সাবেকরা | চ্যানেল আই অনলাইন

মহাকাব্যিক, রাজা কোহলি, সর্বকালের সেরা, আরও যা বলছেন সাবেকরা | চ্যানেল আই অনলাইন

১৪ বছরের ক্যারিয়ারে টেস্টে ইতি টেনেছেন ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি। বোর্ডকে আগেই জানিয়ে দিয়েছিলেন সাদা পোশাকে খেলতে চান না। বোর্ডের অনুরোধের পরও পাল্টাননি, ৩৬ বর্ষী হেঁটেছেন অবসরের পথেই। সাদা পোশাকে তার বিদায় ঘোষণায় বিশ্ব ক্রিকেটের অনেকেই আবেগাক্রান্ত। কোহলিকে নিয়ে জানিয়েছেন প্রতিক্রিয়া।

সাবেক সতীর্থ যুবরাজ সিং লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট তোমাকে যোদ্ধাতে পরিণত করেছে এবং সবকিছু দিয়েছে। কিংবদন্তিরা যেভাবে খেলে রান করার আগ্রহ, প্রতিটি পদক্ষেপে গর্ব থাকে, তুমিও একইরকম খেলেছ। সাদা পোশাকের খেলায় তুমি যা করেছ তাতে গর্বিত। ভালো থেকো রাজা কোহলি!’

বীরেন্দ্রর শেবাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘দুর্দান্ত টেস্ট ক্যারিয়ারের জন্য কোহলিকে শুভেচ্ছা। যেদিন তোমাকে দেখেছিলাম, জানতাম তুমি বিশেষ প্রতিভা। যে আবেগ ও দক্ষতা নিয়ে তুমি টেস্ট ক্রিকেট খেলেছ তা দেখে খুব আনন্দ পেয়েছি।’

কোহলির বিদায়ের পর সাউথ আফ্রিকার সাবেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিরাট কোহলি, মহাকাব্যিক এক টেস্ট ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন। তোমার দৃঢ় সংকল্প এবং দক্ষতা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। সত্যিকারের কিংবদন্তি!’

আবেগঘন বার্তা দিয়েছেন সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ গৌতম গম্ভীর। লিখেছেন, ‘সিংহের মতো আবেগপ্রবণ একজন মানুষ। তোমাকে অনেক মিস করবো।’

নভোজাৎ সিং সিঁধু কোহলিকে ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার উল্লেখ করে লিখেছেন, ‘ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছে। তুমি বিশ্ব ক্রিকেটকে যে আনন্দ দিয়েছ তার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার ধারে কাছে কেউ নেই।’

ভারতের হয়ে ১২৩টি টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান করে গেলেন কোহলি। ৩০টি সেঞ্চুরি ও ৩১টি ফিফটি রয়েছে। লাল বলের ক্রিকেট আর খেলতে চান না এমন জানানোর পর বিসিসিআই তাকে অনুরোধ করেছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার। কোহলি রাজি হননি।

Scroll to Top