নালায় নিখোঁজের ১৪ ঘণ্টা পর খাল থেকে ৬ মাসের শিশুর মরদেহ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

নালায় নিখোঁজের ১৪ ঘণ্টা পর খাল থেকে ৬ মাসের শিশুর মরদেহ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় অটোরিকশা দুর্ঘটনায় মায়ের কোল থেকে ছিটকে নালায় পড়ে নিখোঁজ হওয়া ছয় মাস বয়সী শিশু সেহেরিশের মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

আজ (১৯ এপ্রিল) শনিবার সকাল সোয়া ১০টার দিকে চাক্তাই খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে চকবাজার থানার কাপাসগোলার নবাব হোটেলের পাশ দিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে হিজরা খালের নালায় পড়ে যায়। দুর্ঘটনার সময় রিকশায় থাকা শিশুটির মা সালমা ও দাদী আয়েশাকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিল ছোট্ট সেহেরিশ।

শিশুটিকে উদ্ধারে রাত থেকেই কাজ শুরু করে সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। আজ শনিবার সকালে বিশেষ ডুবুরি দলের সাহায্যে চিরুনি অভিযান শুরু করে নৌবাহিনী। এরই মধ্যে চাক্তাই খালে শিশুটির মরদেহ ভেসে ওঠার খবর পাওয়া যায়।

Scroll to Top