সরেজমিনে তিনটি বাজারে দেখা যায়, এক হালি লেবু বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৭০ টাকায়। এগুলো ছোট আকারের। আর বড় আকারের লেবুর সর্বোচ্চ দাম ১২০ টাকা পর্যন্ত। বাজারে সব সবজির দোকানে লেবু পাওয়াও যাচ্ছে না। কারণ, সরবরাহ কম।
কৃষি মার্কেটে আজ দুপুরে লেবু কিনতে আসেন ক্ষুদ্র ব্যবসায়ী নুরে আলম। দোকানদার এক হালি লেবুর দাম চান ৭০ টাকা; কিন্তু ওই ক্রেতা ৫০ টাকা পর্যন্ত বলেন। এতে বিক্রেতা রাজি না হওয়ায় লেবু না কিনেই ফিরে যান নুরে আলম। এ সময় তিনি প্রথম আলোকে বলেন, ‘ছোট সাইজের (আকারের) এই লেবুর দাম ৩০ টাকার বেশি হওয়ার কথা নয়; কিন্তু দাম চাইছে ৭০ টাকা। লেবুই খামু না।’ অন্যদিকে বিক্রেতা শাহাদাত হোসেনের দাবি, ৭০ টাকার নিচে লেবু বিক্রি করলে তাঁর মোটেও লাভ থাকবে না।
বাজারে শসার দামও চড়া। প্রতি কেজি শসা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারে এ দাম ৬০-৮০ টাকা। এ ছাড়া প্রতি কেজি বেগুন ৭০-৮০ টাকা, বরবটি ১০০ টাকা, কাঁচা মরিচ ৮০-১২০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা ও পেঁপে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে পেঁপের দাম কেজিতে ২০ টাকার মতো বেড়েছে।
মোহাম্মদপুর টাউন হল বাজারের সবজি বিক্রেতা সাগর হাওলাদার বলেন, ঈদের বন্ধের মধ্যে ক্রেতা কম, আবার সবজির সরবরাহ কম। এ কারণে দাম কিছুটা বাড়তি। দু-তিন দিনের মধ্যে বাজার আগের অবস্থায় ফিরে যাবে।



