এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্রথমবার জাতীয় দলে খেলার জন্য ইংল্যান্ড থেকে বাংলাদেশের পথে রওনা হয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ বংশোদ্ভূত বাংলাদেশের ডিফেন্সিভ মিডফিল্ডার শনিবার রাতে রওনা হয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ খবর জানিয়েছে।
উড়োজাহাজে চড়ে বসা হামজার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে বাফুফে। লিখেছে, ‘হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের প্রতি দায়বদ্ধ। বেঙ্গল টাইগার এ ফুটবলার দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আরও তথ্যের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন।’
বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণের পর প্রথমবার দেশে আসছেন ইংলিশ এফএ কাপ জয়ী হামজা। তার দেশে আসা নিয়ে উজ্জীবিত বাংলাদেশের ফুটবল অঙ্গন। হামজার গ্রামের বাড়ি সিলেটে চলছে উৎসবের আমেজ। আয়োজনে কমতি রাখতে চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশনও।
এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে অভিষেক হবে হামজা চৌধুরীর। সৌদি আরবের তাইফে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ দল। ২০ মার্চ ভারতের পথে রওনা হবেন জামাল-রাকীবরা। ২৫ মার্চ শিলংয়ে খেলবে বাংলাদেশ।
গত ১৯ ডিসেম্বর বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী হামজা জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পান। তখন লেস্টার সিটির হয়ে খেলতেন ২৭ বর্ষী মিডফিল্ডার।