এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মুন্সীগঞ্জের কামারখোলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে পাঁচটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে ব্যস্ততম এক্সপ্রেসওয়েতে যানজটের সৃষ্টি হয়।
ইউএনবি জানিয়েছে, আজ (১৭ ফেব্রুয়ারি) সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস তাৎক্ষণিক এসে আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রথমে একটি পিকআপের পেছনে একটি বড় কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এরপর ইমাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়, ফলে যানবাহনের গতি কমে যায়। এর কিছুটা দূরে পূর্বাভা পরিবহনের আরেকটি বাসকে একটি ট্রাক ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে এই পাঁচটি যান দুর্ঘটনায় কবলিত হলে ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত হয়। সৃষ্টি হয় যানজট।
হাসাড়া হাইওয়ের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। তবে বাকি চারটি যানবাহন উদ্ধারের কাজ চলছে।




