সাকিব বিষয়ক প্রশ্ন এড়িয়ে গেলেন বাংলাদেশ কোচ | চ্যানেল আই অনলাইন

সাকিব বিষয়ক প্রশ্ন এড়িয়ে গেলেন বাংলাদেশ কোচ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দল ঘোষণার মাসখানেক পার হলেও এতদিন কোনো কথা বলেননি বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স। চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন শুরু করেছে তার দল। সোমবার ঘাম ঝরানোর আগে গণমাধ্যমের সামনে এলেন কোচ। আসর নিয়ে আত্মবিশ্বাসী তার সামনে আসে সাকিব আল হাসান ও লিটন দাস প্রসঙ্গ। লিটনকে নিয়ে কথা বললেও সাকিবের প্রসঙ্গ এড়িয়ে যান ক্যারিবীয় সিমন্স।

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে সেমিফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন সাকিব আল হাসান। তাকে দলে ডাকা হচ্ছে না কয়েকমাস ধরেই। বোলিংয়েও নিষেধাজ্ঞায় আছেন টাইগার অলরাউন্ডার। বোলিং নিষেধাজ্ঞা না থাকলে সাকিব দলে থাকতেন কিনা এমন প্রশ্নে সিমন্স বলেছেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দিতে পারছি না।’

তবে লিটনের দলে না থাকা নিয়ে ৬১ বর্ষী কোচ বলেছেন, ‘মজার ব্যাপার হল, আমার লিটনের সঙ্গে কথা হয়েছে। যখন দল নির্বাচন করা হয়েছে, তখন প্লেয়ার হিসেবে নিজেকে স্কোয়াডে না পেয়ে নিশ্চয়ই খারাপ লেগেছে। আমি জানি সে নিজের প্রস্তুতি নিচ্ছে এবং ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলে দেখেছি লিটনের ফর্ম কিছুটা ফিরে এসেছে।’

‘তার মতো প্লেয়ার আমরা অবশ্যই মিস করব। কিন্তু একইসাথে, সে নিজেও স্বীকার করে নিয়েছে যে, সে ব্যাট হাতে রান পাচ্ছে না দেখেই তাকে স্কোয়াডে রাখা হয়নি। কিন্তু আমি একটা কথা বলতে চাই, লিটন ফিরে আসার জন্য অনেক পরিশ্রম করছে।’

হাইব্রিড মডেলে হতে চলা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম খেলা ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। খেলা হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।

Scroll to Top