নিজের দেশ আমেরিকা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের পরিকল্পনা আগেই জানিয়েছিলেন হলিউডের সুপারস্টার অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। প্রত্যাশা ছিলো ইউরোপ কিংবা কম্বোডিয়া চলে যাওয়ার। সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যাচ্ছে নিজের সন্তানদের জন্য!
হলিউডের বেশকিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, অ্যাঞ্জেলিনা জোলি লস অ্যাঞ্জেলেস ছাড়ার পরিকল্পনায় এক অপ্রত্যাশিত বাধার সম্মুখীন হচ্ছেন। বর্তমান বাস্তবতায় এসে এই তারকা বুঝতে পেরেছেন যে, হলিউডের ঝলমলে আলো থেকে দূরে সরে গিয়ে নতুন জীবন শুরু করতে চাইলেও, তার সন্তানদের রয়েছে ভিন্ন পরিকল্পনা!
ব্র্যাড পিটের সাথে বিবাহবিচ্ছেদের পর অনেকে তাকে ‘ভিলেন’ হিসেবে দেখতে শুরু করেছিলেন। এর পরিবর্তন চাচ্ছিলেন জোলি। একেবারে নিজের শহর ছাড়তে চেয়েছিলেন তিনি। তবে বাধা হয়ে দাঁড়ালো তার সন্তানরা!


লস অ্যাঞ্জেলসের সাথে জোলির সন্তানরা এতোটা ওতপ্রোতভাবে নিজেদের জড়িয়ে ফেলেছেন যে, বিদেশে চলে যাওয়া তার কল্পনার চেয়েও বেশি জটিল হয়ে উঠেছে!
জোলির একটি ঘনিষ্টসূত্রের বরাতে সংবাদমাধ্যম বলছে, “জোলি যত দ্রুত সম্ভব হলিউড ছাড়তে চান। তিনি ইউরোপ বা কম্বোডিয়ায় নতুন জীবন শুরু করতে চান, যেখানে তিনি অনেক মানবিক কাজ করেছেন। তবে তার সন্তানরা— ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলোহ, এবং যমজ নক্স ও ভিভিয়েন— লস অ্যাঞ্জেলসের সঙ্গে গভীরভাবে নিজেদের জড়িয়ে ফেলেছেন। তাদের বন্ধুবান্ধব, গড়ে ওঠা ক্যারিয়ার, ও নিজ নিজ স্বপ্ন রয়েছে, যা অ্যাঞ্জেলিনা জোলিকে এক অস্বস্তিকর অবস্থানে ফেলেছে।”
লস অ্যাঞ্জেলেসের সব সুযোগ-সুবিধা ছেড়ে বিদেশে চলে যাওয়ার চিন্তাটাই সন্তানদের কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে না বলেও জানায় সূত্রটি। আর এটি মা-সন্তানদের মধ্যে গুরুতর টানাপোড়েন তৈরি করছে।
জোলি দীর্ঘদিন ধরে কম্বোডিয়ায় বিভিন্ন মানবিক কাজে জড়িত এবং এমনকি তার ফাউন্ডেশনের জন্য একটি বিশাল জমিও গড়ে তুলেছেন। তবে পরিবারকে শিকড়সহ তুলে অন্য কোথাও নিয়ে যাওয়ার চিন্তাটা এখন আর আগের মতো সহজ নয় বলে জানিয়েছে তার ঘনিষ্টসূত্র। –কইমই




