২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে ক্যাপিটলের উদ্যানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এবারে রুদ্ধদ্বার শপথ গ্রহণ ট্রাম্পের।
আজ ১৮ জানুয়ারি শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ক্যাপিটলের উদ্যানে নয়, বরং ভবনের কক্ষে হবে ট্রাম্পের শপথ গ্রহণসহ অন্যান্য বক্তৃতা পেশের কার্যক্রম। শপথ গ্রহণের অনুষ্ঠানের কুচকাওয়াজও ক্যাপিটলের ভেতরে করা হবে বলে জানা গিয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠান কক্ষের ভেতরে করার নেপথ্যের কারণও জানিয়ে ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, আগামী সপ্তাহে ওয়াশিংটনে তীব্র ঠাণ্ডাপড়ার পূর্বাভাস রয়েছে। যা সত্যিই বিপজ্জনক। সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে আসা জনতাকে কোনওভাবেই তিনি কষ্ট পেতে দেখতে চান না।
তিনি জানান, কেউ আহত হোক তাও তিনি কামনা করেন না। শত শত আইনপ্রণেতারা থেকে শুরু করে ফার্স্ট রেসপন্ডার্স, পুলিশ, ঘোড়া ও হাজার হাজার সমর্থকদের বাইরে থাকা সত্যিই বিপজ্জনক। তবে কেউ যদিও অনুষ্ঠানে এরপরেও আসতে চান, অবশ্যই ভালো গরমের পোশাক পরে আসার অনুরোধ জানিয়েছেন ট্রাম্প।

ক্যাপিটল বিল্ডিং চত্বরে শপথ গ্রহণ অনুষ্ঠানের লাইভ সম্প্রচারও করা হবে সেদিন। এর আগে এরকমই প্রবল ঠাণ্ডার কারণে শেষবার ১৯৮৫ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন রোনাল্ড রিগ্যান।

