‘জংলি’র পেছনে পুরো বছর! | চ্যানেল আই অনলাইন

‘জংলি’র পেছনে পুরো বছর! | চ্যানেল আই অনলাইন

২০২৪ সালেই মুক্তির কথা ছিল এম রাহিম পরিচালিত ‘জংলি’ ছবির। সিয়াম আহমেদ, বুবলী ও দীঘি অভিনীত এ ছবিটি লুক পোস্টার প্রকাশ করেই দর্শকের আগ্রহ তৈরী করে। তবে শুটিং সম্পন্ন না হওয়ায় গেল বছর মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন সংশ্লিষ্টরা।

২০২৫ সাল শুরু হতে না হতেই তাই ‘জংলি’ নিয়ে আলোচনা! সিনেপ্রেমীরাও বলছেন, চলতি বছরে যে ছবিগুলো দর্শকের আলোচনার কেন্দ্রে থাকবে- তার একটি হতে যাচ্ছে ‘জংলি’! সে আভাস কিছুটা দিলেন চিত্রনায়ক সিয়ামও।

নতুন বছর শুরু হওয়ার ঘণ্টা কয়েক আগে দেয়া এক পোস্টে সিয়াম জানিয়েছেন, ‘জংলি’ নিয়ে তার প্রত্যাশার কথা। সেই সাথে পুরোটা বছর কীভাবে ছবিটি করতে গিয়ে ব্যয় করেছেন, সে কথাও ভক্ত অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন এই নায়ক।

‘জংলি’ লুকে সিয়াম তার ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন,“অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে এই বছর।”

GOVT

জংলি করতে গিয়ে সিয়াম তার ডেডিকেশনের কথা বলেন এভাবে,“হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো তবুও প্রায় ৭ মাস চুল-দাড়ি কাটি নি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।”

সিয়াম বলেন,“এই বছরের সবটুকু যার নামে করে দিয়েছি, সেই ‘জংলি’ নিয়ে আসছি আগামী বছর। আপনারা সিনেমাহলে আসবেন, আমাদের গোটা টিমের প্রচণ্ড ভালোবাসা ও কষ্টের ‘জংলি’ দেখবেন সিনেমাহলে বসে, এটাই আমার কামনা। ‘জংলি’ আসছে, আসছে দারুণ চমক নিয়েই, ২০২৫ সালে।”

পরিচালক এম রাহিমের দ্বিতীয় ছবি ‘জংলি’। এর আগে তিনি সিয়ামকে নিয়ে ‘শান’ বানিয়ে প্রশংসা পেয়েছিলেন। জানা যায়, ‘জংলি’ ট্রাডেজি ও মসলাদার অ্যাকশন ধাঁচের ছবি। সিয়াম, বুবলী ও দীঘি ছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, দিলারা জামান প্রমুখ।

Shoroter Joba

Scroll to Top