এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মার্কিন অর্থ দপ্তরের (ট্রেজারি) ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই হামলার জন্য চীন সরকারের মদতপুষ্ট হ্যাকারদের দিকে অভিযোগ তুলছে যুক্তরাষ্ট্র। অর্থ দপ্তরের সিস্টেম হ্যাক করে গুরুত্বপূর্ণ একাধিক তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ করছে দেশটি।
সোমবার (৩১ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, চলতি মাস ডিসেম্বরের শুরুর দিকেই হ্যাক করা হয়েছিল অর্থ দপ্তরের সিস্টেম।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন আইনপ্রণেতাদের চিঠি পাঠিয়ে হ্যাকের কথা জানিয়েছে অর্থ দপ্তর। তারা এটিকে ‘বড় ঘটনা’ বলে উল্লেখ করছে। এছাড়াও বিষয়টি নিয়ে তদন্ত করছে এফবিআইসহ অন্যান্য সংস্থা।
ওয়াশিংটন ডিসিতে চীনা দূতাবাসের একজন মুখপাত্র বলেন, অভিযোগটি একটি ‘স্মিয়ার অ্যাটাক্ট’ বা অস্পষ্ট আক্রমণের অংশ। এ ধরনের অভিযোগের ‘কোন বাস্তব ভিত্তি’ নেই বলেও উল্লেখ করেন তিনি।

অর্থ দপ্তর আইন প্রণেতাদের কাছে দেয়া চিঠিতে উল্লেখ করা হয়, সাইবার নিরাপত্তা পরিষেবা দেওয়া সংস্থার মাধ্যমে হ্যাকারেরা অর্থ দপ্তরের কর্মীদের কম্পিউটার হ্যাক করেন। প্রযুক্তিগত পরিষেবা প্রদানের জন্য ব্যবহৃত একটি ক্লাউড-ভিত্তিক পরিষেবার সাহায্যে হামলা চালানো হয়। কোনোভাবে সেই পরিষেবার মধ্যে দিয়ে হ্যাকারেরা অর্থ দপ্তরের সিস্টেমে ঢুকে পড়েন।

গত ৮ ডিসেম্বর সাইবার নিরাপত্তা প্রদানকারী সংস্থা ‘বিয়ন্ডট্রাস্ট’ আমেরিকার অর্থ দপ্তরকে সাইবার হানার বিষয়ে সচেতন করে। তার পরই নড়েচড়ে বসে মার্কিন অর্থ দপ্তর। সব রকম সাইবার নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হয়। সিআইএসএ এবং এফবিআইকে বিষয়টি জানানো হয়।
