সুপারস্টার শাকিব খান মুম্বাইতে তার নতুন ছবি ‘বরবাদ’-এর শুটিং করছিলেন। বৃহস্পতিবার দিনে শুটিং চলাকালে সেখানেই দুর্ঘটনার কবলে পড়েন দেশসেরা এই চিত্রতারকা।
ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, সেটে অ্যাকশন দৃশ্যের অভিনয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শুটিংয়ের সময় একটি দরজায় প্রচণ্ড আঘাত পেয়ে শাকিব চোখের উপরের অংশে গুরুতর আঘাত পান। ঘটনার পরপরই তাকে দ্রুত পাশের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা প্রাথমিক সেবা দেওয়ার পাশাপাশি শাকিবের সিটি স্ক্যান করান।
শনিবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা হয় শাকিবের। মুম্বাই থেকে তিনি বলেন, আঘাত লাগার সঙ্গে সঙ্গে হাসপাতালে যাই। বাম পাশে চোখের উপরে আঘাতে কেটে যায়। সেলাই নেইনি তবে টিটেনাসের ইনজেকশনও নিয়েছি। এন্টিবায়োটিক ও পেইন কিলার দিয়েছিল।

হাসপাতালে দু’ঘণ্টা চিকিৎসা ও বিশ্রাম নিয়ে ফের শুটিংয়ে যোগ দেন শাকিব খান। তিনি বলেন, শুটিং বন্ধ করলে এখানে এতো বড় ইউনিট আছে তাতে অনেক ক্ষতি হতো। কারণ প্রতিদিন শুটিং অনেক ব্যয়বহুল। আমি চাইনি দুদিন বিশ্রাম নিয়ে এতগুলো মানুষকে বিপাকে ফেলতে। আজও শুটিং করছি। কাজ খুব ভালো হচ্ছে। পুরো কাজটি শেষ হোক, তখন না হয় সিনেমা নিয়ে কথা বলা যাবে। এখন আমি ভালো আছি।

মেহেদী হাসান হৃদয় বলেন, ভাইয়া (শাকিব খান) ভালো আছেন। যখন তিনি আঘাত পান ভয় পেয়েছিলাম! পরে তিনিই আমাদের ভয় ভাঙিয়েছেন। অনেকবার তাকে বলছি বিশ্রাম নিতে কিন্তু কিছু হয়নি বলে শুটিং করেছেন। তার সাপোর্টে আমরা ভালোভাবে শুটিং করে যাচ্ছি।
‘বরবাদ’র শুটিংয়ে অংশ নিতে গত ২২ অক্টোবর মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। সেখানকার একটি স্টুডিওতে ২৪ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেন। প্রথম লটে ১০ নভেম্বর পর্যন্ত শুটিংয়ের কথা থাকলেও গতকাল পরিচালক জানান, ১৬ নভেম্বর পর্যন্ত শুটিং হবে।
এরপর বিরতি দিয়ে আগামী ডিসেম্বর থেকে দ্বিতীয় ও শেষ লটের শুটিং করবেন তারা। ভরপুর অ্যাকশন, ভায়োলেন্সে নির্মিত এ ছবি মুক্তি পাবে রোজার ঈদে।




