এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সাত বছরেও রেলওয়ের পোর্টার পদে নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়ায় বিরক্ত চাকরিপ্রার্থীরা। এ ব্যাপারে সরকারের পদক্ষেপ কামনা করছেন তারা।
সোমবার ১৪ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন পোর্টার পদে চাকরিপ্রার্থীরা।

লিখিত বক্তব্যে মো. সাইফ জানান, ২০১৭ সালের নভেম্বরে পোর্টার পদে ৯১ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে। মৌখিক পরীক্ষা হলেও ফল প্রকাশ করেনি রেলওয়ে কর্তৃপক্ষ। বছরের পর বছর রাজস্ব খাতের নিয়োগ কার্যক্রম ঝুলিয়ে রেখে ওই পদে কাজ করাতে ‘আউটসোসিং’ থেকে জনবল নিয়েছে কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে চাকরিপ্রার্থীরা অভিযোগ করেন, দলীয় বিবেচনায় লোক নেয়ার সুযোগ এবং মোটা অংকের লেনদেন প্রতিবছর করার জন্যই অস্থায়ী ভিত্তিতে আউটসোর্সিং এ নিয়োগ দিচ্ছে অসাধু কর্মকর্তারা। পোর্টার পদে নিয়োগে দীর্ঘসূত্রিতার কারণ তদন্ত করে এর সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি তোলেন চাকরিপ্রার্থীরা। একই সঙ্গে এ পরীক্ষায় উত্তীর্ণদের দ্রুত নিয়োগ দেয়ার দাবিও করেন তারা।

পোর্টার পদটিকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারা বলেন, লাইনে রেল চলাচলে শৃঙখলা নিশ্চিত করেন পোর্টাররা। এ পদে পর্যাপ্ত লোকবলের অভাবের পাশাপাশি অদক্ষ ও অস্থায়ী লোকজন থাকায় দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।



