কলমাকান্দায় দুটি মণ্ডপের আঙিনায় পানি, দুর্গাপূজা আয়োজনে ভোগান্তি

কলমাকান্দায় দুটি মণ্ডপের আঙিনায় পানি, দুর্গাপূজা আয়োজনে ভোগান্তি

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ বুধবার শুরু হচ্ছে হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। কিন্তু নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুটি পূজামণ্ডপের আঙিনায় আজ সকাল সাড়ে ৯ টা পর্যন্ত বন্যার পানি জমে থাকতে দেখা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় হিন্দুধর্মাবলম্বীরা। তাঁরা বলছেন, পানির কারণে পূজামণ্ডপ ও আঙিনা সজ্জিত করা যাচ্ছে না। এ ছাড়া দৃষ্টিনন্দন ফটক ও প্যান্ডেলের কাজও বন্ধ রাখতে হয়েছে। তবে সংশ্লিষ্ট পূজা কমিটি জানিয়েছে, পানি থাকলেও নিয়ম মেনেই চলবে পূজার আনুষ্ঠানিকতা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে নেত্রকোনার প্রায় সব নদ-নদীর পানি বাড়তে থাকে। এ ছাড়া শেরপুরের ভোগাই–কংসের পানি জারিয়া এলাকায় কংস নদ দিয়ে কলমাকান্দার উপদাখালী নদীতে প্রবাহিত হয়। এতে দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা, বারহাট্টা ও নেত্রকোনা সদর—এই পাঁচ উপজেলার ২৭টি ইউনিয়নে ১৩১টি গ্রামের বিভিন্ন এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়। এসব এলাকার মোট সাতটি পূজামণ্ডপও প্লাবিত হয়। পাঁচটি মণ্ডপ থেকে পানি নেমে গেছে। তবে কলমাকান্দার দুর্গাবাড়ি নয়াপাড়া মহাশ্মশানঘাট ও যাত্রাবাড়ি পূজামণ্ডপের আঙিনায় আজ সকালেও পানি ছিল।

Scroll to Top