উত্তর: বলা হয়, সকালের নাশতা হবে রাজার মতো, রাতের খাবার প্রজার মতো। এর মানে হলো, সকালের খাবার খাওয়া শুধু জরুরিই নয়, শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কারণ, মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে, তখন তার কোনো শারীরিক পরিশ্রম ও শক্তি খরচ করার দরকার হয় না। শুধু শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গের কাজ করতে সামান্য শক্তি লাগে, যাকে ‘বেজাল মেটাবলিক রেট’ বলে। রাতে কম খেলেও সমস্যা হয় না। কিন্তু রাতে দীর্ঘ সময় (৮-১০ ঘণ্টা) না খেয়ে থাকার কারণে ঘুম থেকে জেগে ওঠার পর শরীরে এনার্জিসহ বিভিন্ন পুষ্টির চাহিদা বেশি থাকে, আর তা পূরণ করতে সকালে সুষম খাবার খাওয়া জরুরি।
যদি কেউ সকালের নাশতা বাদ দেন, তাহলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে আছে অ্যাসিডিটি, পেট ফাঁপা, অরুচি, আলসার। কাজ করার মনোযোগ ও ক্ষমতা একটু একটু করে কমতে থাকে। শরীরের ওজন ও এনার্জি কমে যেতে পারে। বিপরীতে অনেক সময় পর, অনেক খিদে নিয়ে দুপুরে বেশি খাওয়া হয়ে যায়। এতে দ্রুত ওজন বাড়তে থাকে। গ্লুকোজ কমে গিয়ে মেজাজ খিটখিটে হয়ে পড়ে, ঝিমুনি ভাব আসে। এমন আরও অনেক রোগের ঝুঁকি তৈরি হতে পারে সকালে না খেলে।