মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন পাওলো দিবালা। তারপরও কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার দুই প্রস্তুতি ম্যাচের দলে তাকে ডাকেননি লিওনেল স্ক্যালোনি। দলে জায়গা না পাওয়া দিবালার জন্য খুব কঠিন ধাক্কা ছিল বলে জানিয়েছেন রোমার ফরোয়ার্ড।
কোপা আমেরিকার আগে ইকুয়েডর ও গুয়েতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ফিট থাকলে সবসময় দলেই থাকেন দিবালা। আর্জেন্টিনার সবশেষ বিশ্বকাপজয়ী দলেরও সদস্য তিনি। এই মৌসুমে ৩৯ ম্যাচে ১৬ গোল করার পাশাপাশি ১০টি অ্যাসিস্টও করেছেন দিবালা। তাই আর্জেন্টিনার স্কোয়াডে থাকার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিলেন তিনি।
দিবালা বলেন, “আমার মনে হয়েছে, এই বছর আমি কিছু ভালো পারফর্ম্যান্স করেছি। স্কোয়াডে জায়গা করে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। তাই এটা (দলে জায়গা না পাওয়া) আমার জন্য খুব কঠিন ধাক্কা ছিল। কারণ, জাতীয় দলের অংশ হওয়া সবচেয়ে সেরা প্রাপ্তিগুলোর একটি”

দলে জায়গা না পেলেও স্ক্যালোনির সিদ্ধান্তের উপর ভরসা রাখছেন দিবালা। সেই সাথে রোমা তারকা মনে করেন আর্জেন্টিনার কোচ তার দলে সেরাদেরই বেছে নিয়েছেন।
দিবালা বলেন, “তবে আমি এটাও বুঝতে পারছি, দল নির্বাচন করা কোচের জন্যও কঠিন কাজ। আমি তার সিদ্ধান্তকে সম্মান করি। তার সঙ্গে আমার সম্পর্ক চমৎকার। তিনি অবশ্যই দলের জন্য সেরাদেরই বেছে নিয়েছেন”
রোমার সাথে আর একবছর চুক্তি আছে দিবালার। এরপর ইতালি ছেড়ে অন্য কোনো চ্যালেঞ্জ নিতে চান কি না এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন দিবালা। তিনি বলেন, “ইতালি আমাকে সব কিছু দিয়েছে। এই জায়গা ছেড়ে যাওয়া কঠিন হবে। তবে অবশ্যই আপনার সবসময় কৌতূহল ও ভাবনা থাকে, লা লিগা ও প্রিমিয়ার লিগের মতো লিগগুলোতে আপনি কেমন করবেন সেটা জানার, যেখানে দারুণ সব দল ও খেলোয়াড় আছে”



