দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া খবর ও অপতথ্য গণতন্ত্রের জন্য হুমকি। গতকাল সোমবার দেশটির রাজধানী সিউলে অনুষ্ঠিত গণতন্ত্র সম্মেলনে দেওয়া উদ্বোধনী ভাষণে তিনি এ সতর্কবাণী উচ্চারণ করেছেন। বৈশ্বিক এ সম্মেলনে অংশ নেওয়া কয়েকটি দেশের প্রতিনিধিরা রাশিয়া ও চীনের বিরুদ্ধে ক্ষতিকর প্রচারণা চালানোর অভিযোগ করেছেন।
ইউন বলেন, গণতন্ত্রের প্রসারে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিকে যাতে কাজে লাগানো যায়, সে জন্য দেশগুলোর দায়িত্ব হলো অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় করা। তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভুয়া খবর এবং অপতথ্য ছড়ানো শুধু ব্যক্তিস্বাধীনতা ও মানবাধিকারই লঙ্ঘন করে না, বরং গণতান্ত্রিক ব্যবস্থাকেও হুমকিতে ফেলে।’



