শুরু হতে যাচ্ছে অষ্টম হার ই-ট্রেড এক্সিবিশন | চ্যানেল আই অনলাইন

শুরু হতে যাচ্ছে অষ্টম হার ই-ট্রেড এক্সিবিশন | চ্যানেল আই অনলাইন
Channeliadds-30.01.24Nagod

আগামী ১৫ থেকে ১৭ মার্চ হার ই-ট্রেড এর উদ্যোগে মোট ৬২ জন নারী উদ্যোক্তার পণ্যসম্ভার নিয়ে এক্সিবিশনের আয়োজন করা হয়েছে।

তিন দিনব্যাপী এই আয়োজনটি অনুষ্ঠিত হবে ধানমন্ডি ৭ এর অরচার্ড কনভেনশন হলে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এক্সিবিশন সকলের জন্য উন্মুক্ত থাকবে।

দেশি কাঁচামাল নির্ভর পণ্য নিয়ে প্রচুর সংখ্যক নারী কাজ করছেন। নারীদের উৎপাদিত সেসব পণ্যকে হার ই-ট্রেড প্রচার ও প্রসারে সহযোগিতা করে থাকে। বছরে ২-৩টা এক্সিবিশন আয়োজন সেই প্রচারণারই অংশ। সারাদেশ থেকে ক্ষুদ্র ব্যবসায়ী নারীরা এই এক্সিবিশনে অংশগ্রহণ করে থাকেন।

এক্সিবিশনটি উদ্বোধন করবেন সম্মানিত অতিথি ড.নাদিয়া বিনতে আমিন (সিআইপি) এমপি, নাট্যব্যক্তিত্ব রুনা খান, চিত্রশিল্পী, গায়ক ও দেশাল সত্ত্বাধিকারী কনক আদিত্য, স্টুডিও বিবিয়ানার সত্ত্বাধিকারী ও ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, কেক্রাফট সত্ত্বাধিকারী খালিদ মাহমুদ খান, প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী লিলি ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন কন্ঠশিল্পী সুজিত মোস্তফা এবং নৃত্যশিল্পী মুনমুন আহমেদ।

উল্লেখ্য, এটি হার ই-ট্রেড এর অষ্টম অফলাইন এক্সিবিশন। ঈদ ও বর্ষবরণ উপলক্ষে হার ই-ট্রেড এর এই উৎসব আয়োজনের ট্যাগলাইন হলো ‘উৎসব বৈচিত্রে হার ই-ট্রেড’।

Scroll to Top